Date: April 26, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ৩৭ লাখ টাকার মাদক ও মালামাল উদ্ধার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ৩৭ লাখ টাকার মাদক ও মালামাল উদ্ধার

April 26, 2026 07:40:46 PM   উপজেলা প্রতিনিধি
কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ৩৭ লাখ টাকার মাদক ও মালামাল উদ্ধার

কুষ্টিয়া সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালান করা পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা এসব পণ্যের মোট বাজারমূল্য প্রায় ৩৭ লাখ ৪০ হাজার ২০০ টাকা।

কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবি জানিয়েছে, রোববার ২৬ এপ্রিল সীমান্তের বিভিন্ন এলাকায় ধারাবাহিক বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের অংশ হিসেবে মিরপুর বাসস্ট্যান্ডে আলহাজ্ব এন্টারপ্রাইজ নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালায় বিজিবি। এ সময় বাসের ভেতর থেকে মালিকবিহীন অবস্থায় ৯ হাজার ৯৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী এই ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ২৯ লাখ ৯১ হাজার টাকা।

একই দিনে কাজীপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় মদ এবং ১ হাজার ৫০০ পিস নিষিদ্ধ ভারতীয় ট্যাবলেট জব্দ করা হয়েছে। এছাড়া প্রাগপুর সীমান্তের গরুরা মাঠ এলাকা থেকে ৪ হাজার ৬৪০ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি উদ্ধার করা হয়। বিজিবির অন্য একটি দল জামালপুর সীমান্তের ধর্মদাহ মাঠ এলাকায় অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজা জব্দ করেছে।

বিজিবি আরও জানিয়েছে, উদ্ধার করা সব মালামাল মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বন্ধে বিজিবির এই ধরণের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।