


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে তার কন্যা জায়মা রহমানের একটি সেলফি। ছবিতে শুধু তার উপস্থিতি নয়, বরং হাতে বা পাশে রাখা একটি বইও নেটিজেনদের মধ্যে কৌতূহল ও আগ্রহ সৃষ্টি করেছে।
ছবিতে দেখা যায়, জায়মা রহমানের পাশে বাংলাদেশ বিমানের উড়োজাহাজের আসনে রাখা রয়েছে “দ্য পেঙ্গুইন বুক অব বেঙ্গলি শর্ট স্টোরিজ” শিরোনামের একটি সংকলন। বইটি সম্পাদনা করেছেন ভারতীয় অনুবাদক অনুরাভা সিনহা।
বিশ্বখ্যাত প্রকাশনা সংস্থা পেঙ্গুইনের উদ্যোগে প্রকাশিত এই সংকলন মূলত যুক্তরাজ্যভিত্তিক হলেও, দক্ষিণ এশিয়ার পাঠকদের জন্য এটি ভারত থেকে মুদ্রণ ও বাজারজাত করা হয়েছে। বইটিতে প্রায় এক শতাব্দীর বাংলা ছোটগল্পের নির্বাচিত ইংরেজি অনুবাদ সংকলিত হয়েছে।
সংকলনের গল্পগুলোতে ব্রিটিশ শাসনামল থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ পর্যন্ত সময়ের সামাজিক, রাজনৈতিক ও মানবিক বাস্তবতা তুলে ধরা হয়েছে। এতে ভূমি আন্দোলন, দুর্ভিক্ষ, দেশভাগ, বর্ণবৈষম্য, ধর্মীয় সংঘাত এবং স্বাধীনতা যুদ্ধের নানা ঘটনা গল্পের মাধ্যমে প্রকাশিত হয়েছে।
বিশ শতকের বাংলা সাহিত্যে ছোটগল্পের বিস্তারকে প্রতিফলিত করে এই সংকলন। তৎকালীন সাহিত্যপত্র ও সাময়িকীতে প্রকাশিত গল্পগুলো লেখকদের সময়ের টানাপোড়েন, সামাজিক সংকট এবং পরিবর্তনের প্রতিফলন। পাশাপাশি এগুলো ভাষা ও আঙ্গিকের নতুন দিগন্ত উন্মোচন করেছে।
ইংরেজি ভাষায় প্রথমবার এক শতাব্দীর নির্বাচিত বাংলা ছোটগল্পকে একত্রিত করে প্রকাশিত এই সংকলন সাধারণ মানুষের জীবনসংগ্রাম, ব্যক্তিগত বেদনা, সামাজিক দ্বন্দ্ব ও মানবিক আনন্দের বহুমাত্রিক চিত্র তুলে ধরে।
এর ফলে, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের ঐতিহাসিক দিনে জায়মা রহমানের এই সেলফি কেবল রাজনৈতিক গুরুত্বই নয়, সাহিত্যপ্রেমীদের মধ্যেও বিশেষ আগ্রহ ও আলোচনা সৃষ্টি করেছে।