Date: May 08, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সাহিত্য / ছন্দের জাদুকর সুকুমার বড়ুয়া আর নেই - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ছন্দের জাদুকর সুকুমার বড়ুয়া আর নেই

January 02, 2026 11:38:25 AM   দেশেরপত্র ডেস্ক
ছন্দের জাদুকর সুকুমার বড়ুয়া আর নেই

বাংলা শিশুসাহিত্যের অগ্রদূত ও প্রখ্যাত ছড়াকার সুকুমার বড়ুয়া আর নেই। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও একুশে পদকপ্রাপ্ত এই সাহিত্যিক আজ ২ জানুয়ারি শুক্রবার ভোর ৬টা ৫৫ মিনিটে চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরায় অবস্থিত জে কে মেমোরিয়াল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছিলেন তিনি।

শুক্রবার সকালে তাকে জে কে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা ফুসফুসে পানি জমে যাওয়ায় শ্বাসকষ্ট বাড়ার কারণে তার চিকিৎসা করেন। সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত তিনি বাঁচাতে পারেননি। ২০০৬ সালে ব্রেইন স্ট্রোকের পর তার ডান পা অবশ হয়ে যায়। এরপর হৃদরোগ, উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগেছেন তিনি।

সুকুমার বড়ুয়া ১৯৩৮ সালের ৫ জানুয়ারি চট্টগ্রামের রাউজান উপজেলার মধ্যম বিনাজুরি গ্রামে জন্মগ্রহণ করেন। ষাটের দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে কর্মজীবন শুরু করেন। ১৯৬৩ সালে তোপখানা রোডে একটি বেড়ার ঘর ভাড়া নিয়ে স্বাধীনভাবে লেখালিখিতে মনোনিবেশ করেন। এরপর তিনি শিশু ও কিশোর পত্রিকায় নিয়মিত লেখা প্রকাশ শুরু করেন। কচিকাঁচার আসর, খেলাঘর ও মুকুলের মাহফিল এসব পত্রিকায় তার লেখা ধারাবাহিকভাবে প্রকাশিত হয়।

১৯৯৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টোর কিপার হিসেবে অবসর নেন। প্রায় ছয় দশক ধরে ছড়া রচনার মাধ্যমে তিনি বাংলা শিশুসাহিত্যে এক অনন্য অবস্থান তৈরি করেন। তার ছড়ায় ব্যঙ্গ, রস, নৈতিক শিক্ষা, মুক্তিযুদ্ধের চেতনা এবং রাজনৈতিক সচেতনতার ছোঁয়া স্পষ্টভাবে লক্ষ্য করা যায়। দীর্ঘ সাহিত্যজীবনের কারণে তিনি ‘ছড়ারাজ’, ‘ছড়াশিল্পী’ ও ‘ছড়াসম্রাট’ ইত্যাদি নানা অভিধায় পরিচিত হন।

তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে পাগলা ঘোড়া, ভিজে বেড়াল, চন্দনা রঞ্জনার ছড়া, এলোপাতাড়ি, নানা রঙের দিন, সুকুমার বড়ুয়ার ১০১টি ছড়া, চিচিং ফাঁক, কিছু না কিছু, প্রিয় ছড়া শতক, নদীর খেলা, ছোটদের হাট, মজার পড়া ১০০ ছড়া, সুকুমার বড়ুয়ার ছড়াসম্ভার (দুই খণ্ড), যুক্তবর্ণ, চন্দনার পাঠশালা এবং জীবনের ভেতরে বাইরে

ভাষা ও সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৭ সালে সরকার তাকে একুশে পদকে ভূষিত করে। এছাড়া তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, বাংলাদেশ শিশু একাডেমি সাহিত্য পুরস্কার, আলাওল সাহিত্য পুরস্কার, চট্টগ্রাম প্রেস ক্লাব সম্মাননা, অবসর সাহিত্য পুরস্কার, আনন ফাউন্ডেশন আজীবন সম্মাননা এবং চন্দ্রাবতী শিশুসাহিত্য পুরস্কারসহ বহু সম্মাননা অর্জন করেছেন।

সুকুমার বড়ুয়ার মৃত্যু বাংলা শিশুসাহিত্য ও ছড়াশিল্পের এক বিশাল শূন্যতা তৈরি করেছে, যার ছাপ বাংলাভাষী পাঠক, বিশেষ করে শিশুদের মনে চিরদিন থাকবে।