Date: April 19, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / শিক্ষাঙ্গন / ছাত্রদলের কমিটিতে ২০ লাখ টাকার লেনদেনের অভিযোগ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ছাত্রদলের কমিটিতে ২০ লাখ টাকার লেনদেনের অভিযোগ

December 04, 2025 08:40:30 PM   অনলাইন ডেস্ক
ছাত্রদলের কমিটিতে ২০ লাখ টাকার লেনদেনের অভিযোগ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ছাত্রদলের সদ্য ঘোষিত আংশিক কমিটি গঠনে ২০ লাখ টাকা লেনদেনের অভিযোগ তুলেছেন পদবঞ্চিত সভাপতি প্রার্থী মো. ইমরান হোসাইন। বৃহস্পতিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

ইমরান হোসাইন অভিযোগ করেন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি এম. এম. মুসা, যুগ্ম সাধারণ সম্পাদক আদনান, তাইজুল এবং কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির হোসেনের সম্পৃক্ততায় অর্থের বিনিময়ে কমিটি গঠন করা হয়েছে। তিনি বলেন, কমিটি গঠনের প্রক্রিয়ায় তাকে সরাসরি এম. এম. মুসার কাছে অর্থ প্রদান করতে বলা হয়। মুসা তাকে জানান, ১০ লাখ টাকা দিলেই তিনি সভাপতি হতে পারবেন। তবে ইমরান দাবি করেন, তিনি ছাত্র রাজনীতি করবেন সাধারণ শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে রাজনীতি করবেন, তাই এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।

ইমরান আরও বলেন, তাকে বারবার জানানো হয়েছিল যে, যদি সভাপতি হন, তাহলে কমিটি নিয়োগ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন টেন্ডার তার অধীনে হবে। পরে তিনি কোচিং এবং প্রাইভেট পড়ার মাধ্যমে অর্জিত ২ লাখ টাকা কয়েক ধাপে দেওয়ার পরও অভিযোগকৃত পক্ষ সন্তুষ্ট হয়নি। তিনি দাবি করেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের মধ্যে জামায়াতপন্থি ও আওয়ামীপন্থি কিছু প্রভাবশালী এবং অবৈধ নিয়োগপ্রাপ্ত শিক্ষক ও কর্মকর্তাদের সহায়তায় ২০ লাখ টাকারও বেশি লেনদেনের মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে। এই প্রক্রিয়ায় তাদের পছন্দের ব্যক্তিদের কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সংবাদ সম্মেলনে ইমরান হোসাইন আরও উল্লেখ করেন, নবগঠিত কমিটিতে তিনজন ছাত্রলীগপন্থি সভাপতি ইয়ামিন, সহ-সভাপতি তুহিন রানা, প্রচার সম্পাদক মাসুদ রানা এবং বিতর্কিত অতীত থাকা কয়েকজন ব্যক্তি ও নেশাগ্রস্থ ব্যক্তিকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি দাবি করেন, এই কমিটি মূলত বিশ্ববিদ্যালয় প্রশাসনের আনা, কারণ সাধারণ শিক্ষার্থীরা যখন তাদের দাবিতে ভিসি ও প্রশাসনের ভবন অবরুদ্ধ করতে চেয়েছিলেন, তখন প্রশাসনের পৃষ্ঠপোষকতার প্রভাবের কারণে তাদের বাধাগ্রস্ত করা হয়।

অন্যদিকে, ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি এম. এম. মুসা এই অভিযোগ খারিজ করে বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলে তারা রানিং ছাত্রদের রেখেছেন। ইমরান হোসাইনের ২০ লাখ টাকার অভিযোগ মিথ্যা এবং পদ না পাওয়ার কারণে করা হয়েছে। তিনি বলেন, যদি প্রমাণ দেখানো যায়, তা খতিয়ে দেখা হবে।

উল্লেখ্য, গত ২৭ নভেম্বর ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কমিটি প্রকাশিত হয়।