


নাটোরের গুরুদাসপুরে ২১ মামলার আসামি ও ‘মাদক সম্রাট’ খ্যাত শহিদুল ইসলাম ভম্বু (৪৫) এবং তার স্ত্রী তানিয়া আক্তার সূর্যকে (৪০) মাদকসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের সহযোগী রুবেল আলীকেও (২৯) গ্রেপ্তার করা হয়।
রোববার (৩০ নভেম্বর) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার যোগীন্দ্রনগর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে গুরুদাসপুর থানা পুলিশ। পরে সোমবার (১ ডিসেম্বর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, অভিযানে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১০৭ পিস ইয়াবা, ২৪৫ পুরিয়া হেরোইন এবং মাদক বিক্রির নগদ ৫৬ হাজার ৫৭০ টাকা জব্দ করা হয়।
গুরুদাসপুর থানার পুলিশ সূত্র নিশ্চিত করেছে যে, গ্রেপ্তার শহিদুল ইসলাম ভম্বুর বিরুদ্ধে হত্যা, চুরি, ডাকাতি ও মাদকসহ মোট ২১টি মামলা রয়েছে। তার স্ত্রী তানিয়া আক্তারের বিরুদ্ধেও রয়েছে ৯টি মাদক মামলা। এছাড়া গ্রেপ্তার অপর আসামি রুবেল আলী দীর্ঘদিন ধরে তাদের মাদক কারবারে সহযোগিতা করে আসছিল।
স্থানীয় বাসিন্দারা জানান, ভম্বু ও তার পরিবার দীর্ঘদিন ধরে এলাকায় প্রকাশ্যে মাদক ব্যবসা ও নানা অপকর্মে জড়িত। এর আগেও তারা একাধিকবার গ্রেপ্তার হয়েছে, কিন্তু জামিনে বেরিয়ে পুনরায় একই অপরাধে লিপ্ত হয়। কুখ্যাত এই মাদক কারবারি দম্পতি গ্রেপ্তার হওয়ায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন এবং পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন।
এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দুলাল হোসেন বলেন, “গুরুদাসপুরকে মাদকমুক্ত করতে আমরা বদ্ধপরিকর। মাদক কারবারিদের শেকড় উপড়ে ফেলতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে এ ধরনের কঠোর ব্যবস্থা চলমান থাকবে।”