


ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি–এর প্রতি সম্মান জানিয়ে ঢাকায় ইরান দূতাবাসে খোলা শোক বইয়ে স্বাক্ষর করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার (৬ মার্চ) সকালে ঢাকাস্থ ইরান দূতাবাস–এ সংরক্ষিত শোক বইয়ে তিনি স্বাক্ষর করেন এবং দলটির পক্ষ থেকে ইরানের সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানান।
শোক বইয়ে স্বাক্ষর করার পর মিয়া গোলাম পরওয়ার বলেন, মুসলিম উম্মাহর ইতিহাসে প্রভাবশালী ধর্মীয় নেতাদের অবদান সব সময়ই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। তিনি দোয়া করে বলেন, মহান আল্লাহ যেন তাদের প্রতি তাঁর অসীম রহমত নাজিল করেন এবং সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ও দৃঢ়তা দান করেন।
তিনি আরও বলেন, বর্তমান বিশ্বে বিভিন্ন অঞ্চলে চলমান সংঘাত ও সহিংসতার কারণে অসংখ্য নিরীহ মানুষের প্রাণহানি ঘটছে, যা অত্যন্ত বেদনাদায়ক। কোনো রাজনৈতিক লক্ষ্য বা স্বার্থ কখনোই নিরপরাধ মানুষের জীবনহানিকে বৈধতা দিতে পারে না। নিরীহ মানুষের রক্ত মহান আল্লাহর কাছে একটি পবিত্র আমানত—এ কথাও উল্লেখ করেন তিনি।
এ সময় সব পক্ষকে সংযম, প্রজ্ঞা ও মানবিকতার পরিচয় দেওয়ার আহ্বান জানান জামায়াতের এই নেতা। মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন স্থানে শান্তি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
শোক বইয়ে স্বাক্ষরকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন মীর আহমেদ বিন কাশেম আরমান। তারা ইরানের জনগণ এবং সমগ্র মুসলিম উম্মাহর প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং মহান আল্লাহর কাছে মধ্যপ্রাচ্যসহ পুরো মুসলিম বিশ্বের জন্য শান্তি, সমৃদ্ধি, ন্যায়বিচার ও স্থিতিশীলতা কামনা করেন।