


এনসিপি থেকে পদত্যাগ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপিতে যোগ দিয়েছেন মীর আরশাদুল হক। বুধবার (৭ জানুয়ারি) দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি আনুষ্ঠানিকভাবে দলে অন্তর্ভুক্ত হন। এ উপলক্ষে দুপুর ২টার দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মীর আরশাদুল হক। সাক্ষাৎ শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে বিএনপির প্রাথমিক সদস্য পদ গ্রহণ করেন তিনি।
এর আগে গত ২৫ ডিসেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক ঘোষণার মাধ্যমে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের কথা জানান মীর আরশাদুল হক। তিনি এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ছাড়াও নির্বাহী কাউন্সিলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি দলটির মিডিয়া সেল ও শৃঙ্খলা কমিটির সদস্য, পরিবেশ সেলের প্রধান এবং চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়কারীর দায়িত্বেও ছিলেন তিনি।
পদত্যাগের দিন ফেসবুকে দেওয়া দীর্ঘ স্ট্যাটাসে তিনি এনসিপির সঙ্গে তার রাজনৈতিক পথচলার কথা উল্লেখ করেন এবং দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার প্রেক্ষাপটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানান। রাজনৈতিক অঙ্গনে তার এই দলবদলকে তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে।