


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনে ধানের শীষের চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বেলা পৌনে চারটার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন করে ৩৬টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেন। এই তালিকায় টাঙ্গাইল-৫ আসনে সুলতান সালাউদ্দিন টুকুর নাম ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
এর আগে গত ৩ নভেম্বর বিএনপি ২৩৭টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেছিল। সেদিন টাঙ্গাইলের ৮টি আসনের মধ্যে ৭টিতে প্রার্থীর নাম ঘোষণা করা হলেও টাঙ্গাইল-৫ (সদর) আসনটি ফাঁকা রাখা হয়। সে সময় মির্জা ফখরুল জানিয়েছিলেন, পরবর্তীতে এই আসনের প্রার্থীর নাম জানানো হবে। অবশেষে আজ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ওই আসনেও চূড়ান্ত প্রার্থী ঘোষণা করল দলটি।