


দেশের অন্যতম মর্যাদাপূর্ণ কিউ স্পোর্টস প্রতিযোগিতা ৩৯তম জাতীয় স্নুকার চ্যাম্পিয়নশিপের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে জাঁকজমকপূর্ণ আয়োজনে। এবারের আসরে চ্যাম্পিয়ন হয়ে শিরোপা জিতেছেন নিজাম উদ্দিন আহমেদ, যা দেশের স্নুকার অঙ্গনে তার সাফল্যের নতুন মাইলফলক।
গতকাল (১৭ মে) ঢাকা বোট ক্লাবে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে খেলোয়াড়দের সাফল্য উদযাপনের পাশাপাশি বাংলাদেশে স্নুকারের ক্রমবর্ধমান জনপ্রিয়তা ও সম্ভাবনার বিষয়টিও উঠে আসে। আয়োজনটি ঘিরে খেলোয়াড়, ক্রীড়া সংগঠক ও অতিথিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
ফাইনালে দারুণ পারফরম্যান্সের মাধ্যমে নিজাম উদ্দিন আহমেদ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন এবং তিনি পুরস্কার হিসেবে পান ১ লাখ টাকা। রানারআপ হন সৈয়দ রাফিজ জামান, যিনি পেয়েছেন ৫০ হাজার টাকা। সেমিফাইনালে পৌঁছানো প্রতিটি খেলোয়াড়কে ২০ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হয়।
এছাড়া সর্বোচ্চ ৫০ বা তার বেশি ব্রেক অর্জনের জন্য চ্যাম্পিয়ন নিজাম উদ্দিন আহমেদ অতিরিক্ত ২০ হাজার টাকার বিশেষ পুরস্কারও অর্জন করেন। বিজয়ী ও অংশগ্রহণকারী খেলোয়াড়দের ট্রফি, ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। এছাড়া ঢাকা বোট ক্লাবের সভাপতি রুবেল আজিজ এবং বাংলাদেশ বিলিয়ার্ড ও স্নুকার ফেডারেশনের (বিবিএসএফ) সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল সরকার মোহাম্মদ শামসুদ্দিন (অব.) অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, খেলাধুলা শৃঙ্খলা, অধ্যবসায় ও দেশপ্রেম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি সফলভাবে টুর্নামেন্ট আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান।
বিবিএসএফ-এর সহযোগিতায় আয়োজিত এই টুর্নামেন্টে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা সেরা খেলোয়াড়রা অংশ নেন। প্রতিযোগিতা শেষে গালা মিউজিক্যাল নাইট ও নৈশভোজের আয়োজন করা হয়, যেখানে অতিথি ও ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এবারের আসরে টাইটেল স্পন্সর ছিল অ্যাম্বার গ্রুপ, ভেন্যু পার্টনার ছিল বনানী ক্লাব এবং বেভারেজ পার্টনার হিসেবে ছিল মাম ও আরসি কোলা।