


সেশনজট কমানো এবং শিক্ষাব্যবস্থাকে স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনতে ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা নির্ধারিত সময়ের আগেই নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পরীক্ষা আগামী বছরের পরিবর্তে চলতি বছরের ডিসেম্বরেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন।
শনিবার (২৫ এপ্রিল) সচিবালয়ে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বদলি নীতিমালা নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। তিনি বলেন, করোনা পরবর্তী পরিস্থিতি এবং বিভিন্ন রাজনৈতিক অস্থিরতার কারণে শিক্ষাবর্ষ ও পরীক্ষার সময়সূচি এলোমেলো হয়ে গেছে। সেই পরিস্থিতি থেকে বেরিয়ে এসে নিয়মিত একাডেমিক ক্যালেন্ডার ফিরিয়ে আনতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
শিক্ষামন্ত্রী আরও জানান, শুধু এসএসসি নয়, একই কারণে ২০২৭ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষাও আগেভাগে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এতে করে শিক্ষার্থীরা দীর্ঘ সেশনজটের ভোগান্তি থেকে মুক্তি পাবে এবং শিক্ষাব্যবস্থায় শৃঙ্খলা ফিরে আসবে।
তিনি বলেন, সরকার চায় শিক্ষার্থীরা সময়মতো পরীক্ষা শেষ করে পরবর্তী ধাপে এগিয়ে যাক, যাতে তাদের শিক্ষা জীবন স্বাভাবিক গতিতে চলতে পারে। নতুন এই সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে পরীক্ষার ধারাবাহিকতা ফিরিয়ে আনা হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
শিক্ষা ক্যালেন্ডার পুনর্গঠন এবং সেশনজট কমানোর লক্ষ্যেই পরীক্ষার সময়সূচিতে এই বড় পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।