


সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সম্মানে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে আয়োজিত নৈশভোজে যোগ দিয়েছেন ফুটবল সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। মঙ্গলবার (১৯ নভেম্বর) রাতের এই অনুষ্ঠানে বিভিন্ন অঙ্গনের তারকাদের সমাবেশ ঘটে।
ডিনারের আগে অতিথিদের উদ্দেশে বক্তব্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, রোনালদোর উপস্থিতি তার জন্য “বিশেষ সম্মানের।” বিশ্ব ক্রীড়াঙ্গনে রোনালদোর প্রভাব ও জনপ্রিয়তা উল্লেখ করে ট্রাম্প জানান, এমন একটি অনুষ্ঠানে তাকে হোস্ট করা সত্যিই তাৎপর্যপূর্ণ।
সম্প্রতি সৌদি যুবরাজ দেশটির তেলনির্ভর অর্থনীতি পরিবর্তনে ক্রীড়া, পর্যটন ও উন্নয়ন খাতে ব্যাপক বিনিয়োগের উদ্যোগ নিয়েছেন। তার এই পরিকল্পনার অংশ হিসেবে বিশ্বব্যাপী তারকা ও বিনিয়োগকারীদের সঙ্গে সম্পর্ক জোরদার করছেন তিনি।
হোয়াইট হাউসের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন যে রোনালদো ডিনারে উপস্থিত ছিলেন। তবে তিনি ক্রাউন প্রিন্সের অফিসিয়াল প্রতিনিধিদলের অংশ ছিলেন কিনা তা পরিষ্কার করেননি।
ডিনারে আরও উপস্থিত ছিলেন টেসলা প্রধান ইলন মাস্ক, অ্যাপল সিইও টিম কুকসহ বিশ্বের বিভিন্ন প্রভাবশালী উদ্যোক্তা ও ব্যবসায়ী ব্যক্তিত্ব।
অনুষ্ঠানে মিডিয়ার সামনে এক পর্যায়ে সৌদি ক্রাউন প্রিন্সকে “আমাদের বস” বলে মন্তব্য করেন রোনালদো। তিনি বর্তমানে সৌদি আরবে বিভিন্ন পর্যটন ও উন্নয়ন প্রকল্পের প্রচারে যুক্ত আছেন এবং দেশটির ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপ আয়োজনের আগ্রহকে সমর্থন জানাচ্ছেন।