


দিনাজপুরের হিলি স্থলবন্দরে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে আমদানিকারকদের গুদাম ও স্থানীয় বাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অনিয়মের অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে মোট ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার (১৫ ডিসেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন হাকিমপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাব্বির হোসেন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক বোরহান উদ্দিন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে মেসার্স রায়হান ট্রেডার্স নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা এবং স্থানীয় বাজারের এক পাইকারি ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানগুলোতে পেঁয়াজ বিক্রির মূল্য তালিকা প্রদর্শন না করা এবং নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রির সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এই অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযান শেষে হাকিমপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাব্বির হোসেন বলেন, “পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে কোনো ধরনের কারসাজি বরদাশত করা হবে না। সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক বোরহান উদ্দিন বলেন, “ভোক্তাদের অধিকার রক্ষায় আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি। কেউ অতিরিক্ত মুনাফার আশায় ভোক্তাদের ক্ষতি করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”