Date: May 03, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / হেযবুত তওহীদ ছাত্র ফোরামের প্রশিক্ষণ কর্মশালা, ‘মানবতার কল্যাণে মেধা ও শ্রমকে উৎসর্গ করতে হবে’ - দৈনিক দেশেরপত্র - মানবত...

হেযবুত তওহীদ ছাত্র ফোরামের প্রশিক্ষণ কর্মশালা, ‘মানবতার কল্যাণে মেধা ও শ্রমকে উৎসর্গ করতে হবে’

May 02, 2026 09:30:26 PM   অনলাইন ডেস্ক
হেযবুত তওহীদ ছাত্র ফোরামের প্রশিক্ষণ কর্মশালা, ‘মানবতার কল্যাণে মেধা ও শ্রমকে উৎসর্গ করতে হবে’

শাহাদৎ হোসেন:
একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ, দেশপ্রেমিক ও নৈতিকতাসম্পন্ন তরুণ নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মে ২০২৬) রাজধানীর উত্তরায় হেযবুত তওহীদের কেন্দ্রীয় কার্যালয়ের কনফারেন্স হলে ‘তারুণ্যের জাগরণে বদলে যাক আগামীর বাংলাদেশ’ শীর্ষক এই কর্মশালার আয়োজন করে হেযবুত তওহীদ ছাত্র ফোরাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের শীর্ষ নেতা এমাম হোসাইন মোহাম্মদ সেলিম। তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে হোসাইন মোহাম্মদ সেলিম বলেন, “যেকোনো জাতির পরিবর্তনের মূল কারিগর হলো ছাত্র ও তরুণ সমাজ। বর্তমানে তরুণদের সামনে কোনো সঠিক আদর্শ না থাকায় তারা অর্থ উপার্জনকেই জীবনের একমাত্র লক্ষ্য বানিয়েছে। ফলে কর্মজীবনে অর্থ উপার্জনের প্রতিযোগিতায় নেমে তারা সততা ও আদর্শকে জলাঞ্জলী দিতে দ্বিধা করছে না।”

হেযবুত তওহীদের ইমাম বলেন, মানুষের শিক্ষার উদ্দেশ্য কখনো অর্থ উপার্জন ও ভোগ বিলাসিতা হতে পারে না। বরং সমাজে বিরাজিত সকল অন্যায়-অবিচারের অবসান ঘটিয়ে কিভাবে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা যায়, এটাই শিক্ষাজীবনের চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত। আজকের ছাত্র-ছাত্রীদের সামনে সেই লক্ষ্য-উদ্দেশ্য তুলে ধরতে হেযবুত তওহীদ ছাত্র ফোরামকে কাজ করে যেতে হবে।”

তরুণদের দক্ষতা বৃদ্ধির তাগিদ দিয়ে তিনি বলেন, “একজন নেতাকে শুধু স্বপ্ন দেখলে চলবে না, বরং সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য কঠোর পরিশ্রম ও নিরবচ্ছিন্ন সাধনা করতে হবে। বর্তমান বিশ্বায়ন ও প্রযুক্তির যুগে টিকে থাকতে হলে শিক্ষার্থীদের সাধারণ পুঁথিগত বিদ্যার পাশাপাশি বিজ্ঞানমনস্ক ও যুক্তিনির্ভর হতে হবে। আমরা এমন এক প্রজন্ম গড়তে চাই, যারা মাদক, সন্ত্রাসের সাথে না জড়িয়ে ও অপরাজনীতিতে গা না ভাসিয়ে দেশ ও মানবতার কল্যাণে নিজের মেধা ও শ্রমকে উৎসর্গ করবে।”

নেতৃত্বদানের জন্য মেধা ও যোগ্যতা যেমন জরুরি তেমনি ইমানি চেতনা, সততা ও দেশপ্রেমও জরুরি। যে জাতির তরুণরা একটি সঠিক আদর্শকে ধারণ করে সত্যনিষ্ঠ নেতৃত্বের অধীনে সততা, যোগ্যতা, দেশপ্রেমিক ও ইমানি চেতনা নিয়ে সামনে এগিয়ে যায়, সেই জাতির পায়ের কাছে বিশ্ব লুটিয়ে পড়তে বাধ্য -বলেন হেযবুত তওহীদের এই নেতা।

কর্মশালার গুরুত্ব তুলে ধরে হেযবুত তওহীদ ছাত্র ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, সাধারণ শিক্ষার্থীদের গতানুগতিক শিক্ষার পাশাপাশি চারিত্রিক উন্নয়ন এবং নেতৃত্বের দক্ষতা বৃদ্ধিতে কাজ করছে ছাত্র ফোরাম। আজকের এই কর্মশালার লক্ষ্য হলো এমন একঝাঁক তরুণ তৈরি করা, যারা আগামী দিনে জাতির নেতৃত্ব দিবে। দেশ ও দশের কল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করবে।

অনুষ্ঠানে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন, হেযবুত তওহীদের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মাহবুব আলম মাহফুজ, হেযবুত তওহীদের ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক মোখলেছুর রহমান সুমন, হেযবুত তওহীদ ছাত্র ফোরামের উপদেষ্টা আয়েশা সিদ্দিকা, হেযবুত তওহীদ ছাত্র ফোরামের সভাপতি রাদ উল ইসলাম প্রমুখ।

এছাড়াও প্রশিক্ষণ কর্মশালায় হেযবুত তওহীদ ছাত্র ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সারা দেশের কো-আর্ডিনেটরগণ ও দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। দিনব্যাপী এই সেশনে যোগ্যতা তৈরিতে নেতৃত্বের কলাকৌশল, ঐক্য, শৃঙ্খলা, আনুগতশীলতার উপরে বিস্তর আলোচনা হয়।