Date: May 09, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / সড়কে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে ছিল অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার খাতা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সড়কে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে ছিল অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার খাতা

May 09, 2026 03:09:14 PM   অনলাইন ডেস্ক
সড়কে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে ছিল অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার খাতা

ঠাকুরগাঁও শহরের একটি সড়কে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেছে অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার খাতা। শনিবার (৯ মে) সকালে বড় মাঠের উত্তর-পশ্চিম কোন এলাকার সড়ক থেকে ১১টি খাতা উদ্ধার হওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সকালে সড়কের পাশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা কয়েকটি খাতা দেখে সন্দেহ হয় পথচারীদের। পরে খাতাগুলো হাতে নিয়ে দেখা যায়, সেগুলো সমাজকর্ম বিভাগের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার খাতা। ঘটনাটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে অনেকেই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

তবে এসব খাতা কীভাবে সড়কে এল বা কোথা থেকে এসেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। খাতাগুলো কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে হারিয়েছে নাকি পরিবহনের সময় অসাবধানতাবশত পড়ে গেছে—তা নিয়েও তৈরি হয়েছে নানা প্রশ্ন।

এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাদের দাবি, পরীক্ষার খাতা অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি হওয়ায় এ ধরনের অবহেলা শিক্ষাব্যবস্থার জন্য উদ্বেগজনক। দ্রুত ঘটনার তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তারা।

বিষয়টি নিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সরদার মোস্তফা শাহীন বলেন, “ঘটনাটি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের মাধ্যমে কীভাবে খাতাগুলো সড়কে এল তা বের করা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

অনার্স পরীক্ষার খাতা সড়কে পড়ে থাকার এই ঘটনা ঠাকুরগাঁওয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং শিক্ষাব্যবস্থার নিরাপত্তা ও দায়িত্বশীলতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।