


বলিউড অভিনেতা সালমান খানের প্রাক্তন প্রেমিকা সোমি আলি আবারও শিরোনামে এসেছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে তিনি অভিনেতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। ভিডিওতে সোমি আলি জানান, সালমান খান দীর্ঘ সময় ধরে তাকে হুমকি দিচ্ছেন এবং বিভিন্নভাবে হেনস্থা করছেন।
তিনি বলেন, ২০২৫ সালেও সালমান তার পিছু ছাড়ছেন না। এমনকি অচেনা নম্বর থেকেও তাকে ফোন করে হুমকি দেওয়া হচ্ছে। সোমি আরও অভিযোগ করেছেন যে, সালমান তাকে বলিউডে বয়কট করেছেন, যার কারণে তার ইন্ডাস্ট্রির বন্ধু এবং পরিচিতরাও তার সঙ্গে দূরত্ব বজায় রাখছেন।
সোমি আলি জানান, তার নিজস্ব এনজিও ‘নো মোর টিয়ার্স’-কেও অপমান করার চেষ্টা করা হয়েছে। তিনি মনে করেন, এই ধরণের আচরণ তার পেশাদার এবং ব্যক্তিগত জীবনের ওপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলছে।
তিনি আরও উল্লেখ করেন, ১৯৯৮ সালে সালমানের প্রতারণার কারণে তাদের সম্পর্ক শেষ হয়েছিল। কিন্তু ২০২৫ সালেও হেনস্থা চলছেই। সোমি দাবি করেছেন যে, সালমান মুম্বাই ও দুবাইতে তার সৎ বোন এবং ভাগ্নের সঙ্গেও দেখা করেছেন এবং তার চরিত্র নিয়ে প্রশ্ন তুলছেন।
সোমির এই অভিযোগ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে বলিউড এবং সোশ্যাল মিডিয়ায়।