


ফরিদপুরের সালথা উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কে পণ্যবাহী দুটি ট্রাকের সংঘর্ষে চালক ও হেলপার গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার বল্লভদী ইউনিয়নের উত্তর চন্ডিবর্দী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাতক্ষীরা থেকে আদা, রসুন ও শুকনা মরিচ বোঝাই ‘তানভীর পরিবহনের’ একটি ট্রাক কুমিল্লা যাচ্ছিল। ট্রাকটি উত্তর চন্ডিবর্দী এলাকায় পৌঁছালে যশোর থেকে ছেড়ে আসা ঢাকাগামী তেলের ড্রাম ও পাউডার বোঝাই অপর একটি ট্রাক পেছন থেকে সজোরে ধাক্কা দেয়।
এতে সামনের ট্রাকে থাকা চালক স্বপন ও তার সহকারী (হেলপার) গুরুতর আহত হন। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ঘটনার পরপরই দায়ী ট্রাকের চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।