


সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জে উৎসবমুখর পরিবেশে ‘রান সিরাজগঞ্জ ৭.৫ কে ম্যারাথন’ অনুষ্ঠিত হয়েছে। তরুণ থেকে প্রবীণ, সব বয়সী মানুষের অংশগ্রহণে পুরো আয়োজনটি বেশ প্রাণবন্ত ছিল। গতকাল সকাল ৬টায় সিরাজগঞ্জ বাজার স্টেশন থেকে হার্ড পয়েন্ট পর্যন্ত সাড়ে ৭ কিলোমিটার পথে এই দৌড় প্রতিযোগিতা হয়। সিরাজগঞ্জ স্পোর্টস অর্গানাইজার ও জেলা ক্রীড়া সংস্থা যৌথভাবে এই ম্যারাথনের আয়োজন করেছিল।
সিরাজগঞ্জ স্পোর্টস অর্গানাইজারের সদস্য সচিব রিয়াল তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আয়োজক কমিটির আহ্বায়ক গণপতি রায়, সদস্য সচিব মুরাদুজ্জামান মুরাদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট এবং যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সি জাহিদ আলম। এছাড়া বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল সাত্তার, বীর মুক্তিযোদ্ধা আজিজুল রহমান দুলাল, ক্রীড়া কর্মকর্তা নুরে ইলাহি এবং জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভির মাহমুদ পলাশসহ আরও অনেকে সেখানে উপস্থিত ছিলেন।
ম্যারাথনে শতাধিক প্রতিযোগী অংশ নেন এবং হাজারো দর্শক উপস্থিত হয়ে তাদের উৎসাহ দেন। যমুনা নদীর বাঁধ সংলগ্ন সড়কে এই দৌড় প্রতিযোগিতা হওয়ায় প্রতিযোগীদের মধ্যে ছিল ভিন্নরকম উচ্ছ্বাস। যমুনার প্রাকৃতিক সৌন্দর্য পুরো আয়োজনকে একটি আলাদা মাত্রা দিয়েছিল।
প্রতিযোগিতার ফলাফল অনুযায়ী, পুরুষ বিভাগে ১৬ মিনিট ৪ সেকেন্ড সময় নিয়ে প্রথম স্থান অর্জন করেন মো. আশরাফুল ইসলাম। দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে মো. পারভেজ এবং মো. হানিফ। এছাড়া চতুর্থ স্থান অধিকার করেন মো. সায়েম। নারী বিভাগে প্রথম স্থান অর্জন করেন সুমাইয়া। পাশাপাশি দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদেরও পুরস্কৃত করা হয়েছে।
আয়োজকরা জানান, এমন আয়োজন তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করবে এবং মাদক ও মোবাইলের আসক্তি থেকে তাদের দূরে রাখতে সহায়তা করবে। এবারের আয়োজনে সব বয়সীদের অংশগ্রহণের ধরণ ছিল চোখে পড়ার মতো।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম তরুণদের মাদক থেকে দূরে থেকে খেলাধুলায় আরও উৎসাহিত হওয়ার আহ্বান জানান। অন্যান্য অতিথিরাও একটি সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার কথা বলেন। শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।