


রাজশাহীর চারঘাট উপজেলায় স্বামীকে পিটিয়ে আহত করে বেঁধে রেখে তার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার (২৯ এপ্রিল) চারঘাট মডেল থানা য় মামলা করা হয়েছে। এর আগে মঙ্গলবার (২৮ এপ্রিল) গভীর রাতে উপজেলার সরদহ রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, ওই দম্পতি ট্রেন ও স্টেশনে পপকর্ন বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। প্রতিদিনের মতো মঙ্গলবার বিকেলে তারা কাজের উদ্দেশ্যে বের হন। বিভিন্ন স্টেশনে বিক্রি শেষে ‘ঢাকা মেইল’ ট্রেন থেকে রাত ১টার দিকে সরদহ স্টেশনে নামেন। পরে স্টেশনসংলগ্ন একটি চায়ের দোকানে বসে থাকার সময় এক ব্যক্তি লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়।
অভিযোগ অনুযায়ী, হামলাকারী প্রথমে স্বামীকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে। পরে তাকে একটি পরিত্যক্ত দোকানের পাশে বেঁধে রেখে নগদ টাকা ছিনিয়ে নেয়। এরপর তার স্ত্রীকে স্টেশনসংলগ্ন জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়।
ভুক্তভোগী স্বামী জানান, হামলার সময় তিনি চিৎকার করলেও আশপাশের কেউ এগিয়ে আসেনি। পরে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করেন। তিনি পাশের জঙ্গল থেকে তার স্ত্রীকে উদ্ধার করেন। স্থানীয়দের কাছ থেকে অভিযুক্তের নাম আশরাফুল ইসলাম (৩৫) বলে জানতে পারেন, যার বাড়ি একই উপজেলার হলিদাগাছী জাগিরপাড়া গ্রামে।
স্টেশনমাস্টার ইকবাল কবির জানান, গভীর রাতে ঘটনাটি ঘটায় তাৎক্ষণিকভাবে তারা জানতে পারেননি। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, মামলা গ্রহণ করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। পাশাপাশি ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
ডিপি/আবদুল্লাহ