Date: May 09, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / সন্তানদের বাঁচিয়ে আগুনে পুড়লো মা-বাবা! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সন্তানদের বাঁচিয়ে আগুনে পুড়লো মা-বাবা!

May 09, 2026 02:17:35 PM   অনলাইন ডেস্ক
সন্তানদের বাঁচিয়ে আগুনে পুড়লো মা-বাবা!

ঢাকার দোহারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন এক দম্পতি। আগুনের লেলিহান শিখা দেখে সন্তানদের জানালা দিয়ে বাইরে ফেলে নিরাপদে সরিয়ে দিলেও নিজেরা আর বের হতে পারেননি তারা। শুক্রবার (৮ মে) রাত দেড়টার দিকে দোহার উপজেলার বিলাশপুর রাধানগর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন আবদুস সালাম শিকদার ও তার স্ত্রী নাসিমা বেগম।

স্থানীয়দের ভাষ্য, গভীর রাতে হঠাৎ তাদের বাড়িতে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় দম্পতির চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসেন।

আগুনের মধ্যেই মরিয়া হয়ে নিজেদের তিন সন্তানকে জানালা দিয়ে বাইরে ফেলে দেন সালাম ও নাসিমা। এতে সন্তানরা প্রাণে বেঁচে গেলেও স্বামী-স্ত্রী আর ঘর থেকে বের হতে পারেননি। পরে আগুনে পুড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

খবর পেয়ে দমকল বাহিনীর একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ চেষ্টার পর ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে টিন ও কাঠ দিয়ে তৈরি পুরো ঘরটি পুড়ে ছাই হয়ে গেছে।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক জানান, আগুনে সালাম ও তার স্ত্রী ঘটনাস্থলেই মারা গেছেন। পরে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, এটি দুর্ঘটনা নাকি নাশকতা— সে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।