Date: April 20, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শ্রীপুরে শালবন থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শ্রীপুরে শালবন থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

December 04, 2025 07:50:33 PM   উপজেলা প্রতিনিধি
শ্রীপুরে শালবন থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

গাজীপুরের শ্রীপুরে গহীন শালবনের ভেতর থেকে হরিধন (৫৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার রাজবাড়ী ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের আয়না শাহ্ মাজার সংলগ্ন শালবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শালবনের ভেতর এক বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা বিষয়টি ইউপি সদস্য মোহাম্মদ আলী শেখকে জানান। পরে তিনি পুলিশকে খবর দেন। খবর পেয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক এবং কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার মেরাজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলী শেখ বলেন, ‘মরদেহটি দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।’

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আকরাম হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে নিহত ব্যক্তির নাম হরিধন বলে জানা গেছে। তবে তার পূর্ণাঙ্গ পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। মরদেহের পাশে কয়েকটি বোতল পড়ে থাকতে দেখা গেছে। নিহতের পরিচয় নিশ্চিত করা এবং মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে তদন্ত চলছে।’

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্ত ও তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।