Date: May 14, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কেটে হত্যা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কেটে হত্যা

May 14, 2026 01:28:57 PM   অনলাইন ডেস্ক
শ্রীপুরে অটোরিকশা চালককে গলা কেটে হত্যা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে মেহেদী হাসান আসিফ (২২) নামের এক অটোরিকশা চালককে গলা কেটে হত্যা করা হয়েছে। হত্যার পর লাশটি একটি জঙ্গলে ফেলে রাখা হয়। মরদেহের পাশে এক নারীর ওড়না, জুতা এবং মাথার চুলের ব্যান্ড পড়ে থাকতে দেখা গেছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের ডোয়াইবাড়ি গ্রামের বগারভিটা এলাকায় একটি গজারি বনের পাশের মাঠে স্থানীয়রা গলাকাটা লাশটি দেখতে পান। পরে তারা পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

নিহত মেহেদী হাসান আসিফ ডোয়াইবাড়ি গ্রামের হুমায়ুন আহমেদ জাকিরের ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন।

ছেলের শোকে কাতর মা আছমা বেগম জানান, বুধবার বিকেলে আসিফ অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন। সাধারণত রাত ১১টার মধ্যেই তিনি বাড়ি ফিরে আসতেন। কিন্তু বুধবার রাতে তিনি সময়মতো না ফেরায় পরিবারের সদস্যরা তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেন। তবে ফোনটি বন্ধ পাওয়া যায়।

তিনি আরও জানান, এরপর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। বৃহস্পতিবার ফজরের আজানের পর বাড়ির কাছেই একটি নির্জন জায়গায় তার অটোরিকশাটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। এতে পরিবারের সবার দুশ্চিন্তা আরও বেড়ে যায়। পরে সকালে খোঁজাখুঁজির একপর্যায়ে বগারভিটা এলাকায় তার গলাকাটা লাশ পাওয়া যায়। হত্যার ধরণ দেখে পরিবারের মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে দেখা হচ্ছে এবং পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।