Date: May 16, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / রাজবাড়ীতে আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে শিশুর মৃত্যু - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

রাজবাড়ীতে আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে শিশুর মৃত্যু

May 16, 2026 08:37:57 PM   জেলা প্রতিনিধি
রাজবাড়ীতে আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে শিশুর মৃত্যু

বোরহান উদ্দিন,  রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর সদর উপজেলায় আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে রোমান সরদার (১৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার চন্দনী ইউনিয়নের বাড়াইজুড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রোমান সরদার ওই গ্রামের নাসির সরদারের ছেলে। তিন বোন ও এক ভাইয়ের মধ্যে সে ছিল সবার ছোট।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির আঙিনায় থাকা একটি আম গাছে উঠে আম পাড়ছিল রোমান। এ সময় গাছের মগডাল হঠাৎ ভেঙে গেলে সে নিচে পড়ে যায়। পড়ে যাওয়ার সময় তার মাথা নিচের দিকে থাকায় ঘাড়ে গুরুতর আঘাত লাগে।

পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রোমানের চাচা সোহেল রানা বলেন, “সকালে দুর্ঘটনার খবর পেয়ে বাড়িতে এসেছি। এত ছোট একটি ঘটনায় ছেলেটা মারা যাবে, তা কেউ ভাবতে পারেনি। পরিবারে শোকের মাতম চলছে।”

চন্দনী ইউনিয়নের ইউপি সদস্য মো. নায়েব আলী বলেন, “আম গাছের ডাল ভেঙে পড়ে গিয়ে শিশুটির মৃত্যু হয়েছে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। শিশুদের নিরাপত্তার বিষয়ে সবাইকে আরও সচেতন হতে হবে।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।