


মেহেরপুর শহরে যৌতুকের দাবিতে স্ত্রীকে কুপিয়ে হত্যার মামলায় স্বামী সাজু হোসেনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৬ মে) দুপুরে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক আলী মাসুদ শেখ এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান তুহিন জানান, রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত না থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। সাজু হোসেন মেহেরপুর শহরের নতুনপাড়া এলাকার নুর ইসলামের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ৪ ডিসেম্বর যৌতুকের দাবিতে স্ত্রী ডলি খাতুনকে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করেন সাজু হোসেন। পরে তাকে উদ্ধার করে প্রথমে মেহেরপুর জেনারেল হাসপাতালে এবং অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১০ ডিসেম্বর ডলি খাতুন মারা যান।
এ ঘটনায় নিহতের মা শেফালি খাতুন বাদী হয়ে মেহেরপুর সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র জমা দেন। বিচারকালে ১১ জন সাক্ষীর সাক্ষ্য, প্রমাণ ও জবানবন্দির ভিত্তিতে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে এই রায় প্রদান করেন।