


বলিউডে নতুন আনন্দের খবর। জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ মা হয়েছেন, আর তার স্বামী ভিকি কৌশল পিতৃত্বের আনন্দ উপভোগ করছেন। শুক্রবার সকালে দম্পতির ঘরে পুত্রসন্তানের আগমন ঘটেছে। খবরটি ইনস্টাগ্রামে একটি যৌথ বিবৃতির মাধ্যমে জানিয়েছেন ক্যাটরিনা ও ভিকি, যেখানে তারা লিখেছেন, “আমাদের জীবনে এসেছে অপরিসীম আনন্দ। ভালোবাসা ও কৃতজ্ঞতার সঙ্গে আমরা আমাদের পুত্রসন্তানকে স্বাগত জানাই।” বাবা-মা হওয়ার এই বিশেষ মুহূর্তে তারা সবার দোয়া ও শুভেচ্ছা চেয়েছেন।
ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ে হয়েছিল ২০২১ সালের ৯ ডিসেম্বর, রাজস্থানের সোয়াই মাধোপুরে রাজকীয় আয়োজনে, সিক্স সেন্সেস ফোর্ট বারওয়্যার। বিয়ের পর থেকেই তাদের সম্পর্ক, একসঙ্গে ভ্রমণ এবং ব্যক্তিগত জীবনের ছোট-বড় মুহূর্তগুলো নিয়মিত খবরের শিরোনাম হয়ে এসেছে।
গত সেপ্টেম্বরে দম্পতি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন, তারা প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন। তখন থেকেই বলিউডে চলছে নানা জল্পনা, কখন ‘ভিকি–ক্যাট’ দম্পতির ঘরে নতুন অতিথি আসবে। জন্মের কয়েকদিন আগে মুম্বাইয়ে এক যুবা সম্মেলনে ভিকি কৌশল প্রকাশ্যে বলেছিলেন, “আমি শুধু বাবা হওয়ার জন্য অপেক্ষা করছি। এটা জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। এখন আমার বাইরে বের হতে মন চায় না। যতটা পারি, সময় কাটাতে চাই বাড়িতেই—কারণ এই সময়টা আর ফিরে আসবে না।”
ভিকির ভাই, অভিনেতা সানি কৌশলও সংবাদমাধ্যমে জানিয়েছেন পরিবারে নতুন আনন্দের খবর। তিনি বলেছেন, “এটা আমাদের সবার জন্য অসীম সুখের খবর। আমরা সবাই খুশি, তবে একটু নার্ভাসও আছি। সবকিছু যেন সুন্দরভাবে হয়, সেটাই প্রার্থনা।”
বলিউডের এই আলোচিত দম্পতির জীবনে এখন নতুন আলো এসেছে। ক্যাটরিনা ও ভিকি পুত্রসন্তানকে ঘিরে নতুন জীবনের প্রথম অধ্যায় শুরু করেছেন, এবং তাদের ফ্যানরা আনন্দের সঙ্গে এই মুহূর্তকে উদযাপন করছে।