


টাঙ্গাইলের মির্জাপুরে এক মাদরাসাছাত্রীর শারীরিক পরিবর্তনের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবার বলছে, ওই শিক্ষার্থী ধীরে ধীরে মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হয়েছেন। উপজেলার জামুর্কী ইউনিয়নের এক প্রবাসীর সন্তান ওই শিক্ষার্থী স্থানীয় একটি মাদরাসার মাওলানা বিভাগের শিক্ষার্থী।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রমজান মাস থেকেই ওই শিক্ষার্থী নিজের শরীরে বিভিন্ন পরিবর্তন অনুভব করতে শুরু করেন। প্রথমে বিষয়টি গুরুত্ব না পেলেও গত বুধবার পরিবারের সদস্যরা শারীরিক পরিবর্তনের বিষয়টি নিশ্চিত হন।
এরপর পরিবার তাকে ছেলে হিসেবে মেনে নেয়। নতুন নাম রাখা হয় এবং ছেলেদের পোশাক ও নতুন পরিচয়ে তাকে গ্রহণ করা হয়।
ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে প্রতিদিন শত শত মানুষ ওই কিশোরকে এক নজর দেখতে তার বাড়িতে ভিড় করছেন। স্থানীয়দের অনেকেই ঘটনাটিকে বিস্ময়কর বলে মন্তব্য করেছেন।
ওই শিক্ষার্থীর চাচা বলেন, “পরিবারে পরপর তিন মেয়ে সন্তান হওয়ার পর এই পরিবর্তনকে আমরা সৃষ্টিকর্তার আশীর্বাদ হিসেবে দেখছি।
শিক্ষার্থী নিজেকে ছেলে হিসেবে পরিচয় দিয়ে সমাজের স্বীকৃতি চেয়েছেন।
এ বিষয়ে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদুল ইসলাম বলেন, “এ ধরনের পরিবর্তন হরমোন ও ক্রোমোজমগত কারণে হতে পারে। বৈজ্ঞানিকভাবে এটি সেক্স হরমোনের ভারসাম্যহীনতার প্রভাব হিসেবেও দেখা হয়।