


বগুড়ার আদমদীঘিতে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় মামলা করেছেন। অভিযুক্ত আরিফ জাহান (২৮) উপজেলার সান্তাহার ইউনিয়নের উথরাইল আকন্দপাড়ার বাসিন্দা।
মামলা সূত্রে জানা যায়, কয়েক বছর আগে লেখাপড়ার সূত্রে তাদের পরিচয় হয়। পরে আরিফ জাহান বিয়ের আশ্বাস দিয়ে তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। সময়ের সঙ্গে বিয়ের বিষয়টি সামনে এলে তিনি নানা অজুহাতে তা এড়িয়ে যেতে থাকেন।
একপর্যায়ে আরিফ দাবি করেন, পরিবারের সবাই রাজি থাকলেও তার মা এখনও সম্মতি দেননি। মায়ের সম্মতি আদায়ের কথা বলে গত ১২ এপ্রিল ওই তরুণীকে নিজের বাড়িতে নিয়ে যান। তবে সেখানে গিয়ে দেখা যায়, পরিবারের অন্য সদস্যরা বাড়িতে ছিলেন না।
এই সুযোগে তিনি তরুণীকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরদিন বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে তাকে বাড়ি থেকে বের করে দেন।
ভুক্তভোগী পরবর্তীতে আদমদীঘি থানায় মামলা দায়ের করেন।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া জানান, অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত বিচার ও দোষীর শাস্তির দাবি জানিয়েছেন।