


ফেনীতে বিএনপির মনোনয়ন–ইস্যুতে এবার অভিনব প্রতিবাদের পথে হাঁটলেন এক নবদম্পতি। বিবাহের আনুষ্ঠানিকতা শেষে ধানক্ষেতে দাঁড়িয়ে ‘রিভিউ’ ভঙ্গিতে ছবি তুলে তাঁরা জানালেন তাঁদের মনোনয়ন পুনর্বিবেচনার দাবি। শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে ফেনী পৌরসভার বিরিঞ্চি আলম গাজী রোডের শাকিব ভিলার বাসিন্দা আদনান সোহাগ ও দাগনভূঞা পৌর এলাকার মজুমদার বাড়ির ইয়াসমিন আক্তার এই ব্যতিক্রমী ছবিটি তোলেন। পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দ্রুতই ভাইরাল হয়ে যায়।
স্থানীয়দের ভাষ্যমতে, বিয়ের অনুষ্ঠান শেষে কনের বাড়ির পাশের ধানক্ষেতে বর–কনে দাঁড়িয়ে ‘রিভিউ’ ভঙ্গি নেন। তাদের এই ছবি প্রকাশিত হওয়ার পর আবারও নতুন করে আলোচনায় আসে ফেনী–২ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবি।
উল্লেখ্য, এর আগে জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলালের ধানক্ষেতে তোলা একই ধরনের ‘রিভিউ’ ভঙ্গির ছবি দেশজুড়ে ব্যাপক সাড়া ফেলেছিল।
ঘটনার বিষয়ে বর আদনান সোহাগ বলেন, তিনি একজন সচেতন নাগরিক এবং তাঁর নিজস্ব পছন্দের প্রার্থী রয়েছেন। সেই পছন্দের ব্যক্তি ফেনী সদর আসনে মনোনয়ন না পাওয়ায় তাঁর মনে কষ্ট পাওয়া সৃষ্টি হয়েছে। শীর্ষ নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যেই বিয়ের ফাঁকে এই ছবি তোলা—এমনটাই জানান তিনি। তাঁর ভাষায়, “আমিও ফেনী–২ আসনে রিভিউ চাই।”
ফেনী–২ (সদর) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি। তবে এই মনোনয়ন নিয়ে অসন্তোষ প্রকাশ করে বাকি প্রার্থীরা ইতিমধ্যে বিভিন্নভাবে সরব রয়েছেন, যা স্থানীয় রাজনীতিতে দিন দিন নতুন মাত্রা যোগ করছে।