


ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় মাদকাসক্ত ছেলের নির্যাতন সইতে না পেরে আইনের আশ্রয় নিয়েছেন এক মা। উপজেলার ধুলজুড়ী গ্রামের বাসিন্দা চায়না বেগম তার ছেলে রাজু মোল্লার বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে বুধবার (২২ এপ্রিল) থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পাশাপাশি তিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবরও অভিযোগ দিয়েছেন।
অভিযোগে বলা হয়, রাজু মোল্লা দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার টাকার জন্য তিনি প্রায়ই মা-বাবাসহ পরিবারের সদস্যদের মারধর ও হুমকি দিয়ে আসছিলেন। বুধবার সকালে তিনি নেশার টাকার দাবিতে পরিবারের সদস্যদের গালিগালাজ করেন এবং মারধর করে আহত করেন। এ সময় বাড়ির আসবাবপত্রও ভাঙচুর করা হয়।
ভুক্তভোগীর বাবা অলিয়ার সরদার জানান, নেশার টাকার জন্য তার নাতি নিয়মিত নির্যাতন চালাতো। বাধ্য হয়ে আইনের আশ্রয় নিতে হয়েছে।
চায়না বেগম বলেন, “ছেলে আমার হলেও তার অত্যাচারে আমরা অতিষ্ঠ। জীবনের নিরাপত্তার জন্যই তাকে পুলিশের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফকির তাইজুর রহমান জানান, অভিযোগ পেয়েছেন এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।