


মাগুরা সংবাদদাতা:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ কে সামনে রেখে মাগুরা জেলার দুটি সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়নকে ঘিরে রাজনৈতিক তৎপরতা ও আলোচনা জোরদার হয়েছে।
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, মাগুরা-১ আসন থেকে ধানের শীষ প্রতীকে বিএনপির মনোনয়ন পেয়েছেন মনোয়ার হোসেন খান। তিনি সাবেক ছাত্রনেতা, উচ্চশিক্ষিত ও ত্যাগী নেতা হিসেবে পরিচিত। এলাকায় তার ব্যাপক গ্রহণযোগ্যতা ও দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা তাকে একটি শক্ত অবস্থানে রেখেছে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।
অন্যদিকে মাগুরা-২ আসন থেকে মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও প্রবীণ রাজনীতিবিদ অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও কেন্দ্রীয় নেতৃত্বে তার সক্রিয় ভূমিকার কারণে এ মনোনয়নকে দলীয়ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
এদিকে দলের আনুষ্ঠানিক মনোনয়ন না পেলেও সাবেক সংসদ সদস্য ও মাগুরা জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী সালিমুল হক কামাল মাগুরা জেলার উভয় আসন মাগুরা-১ ও মাগুরা-২ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তার এই উদ্যোগ স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে এবং দলের ভেতরে-বাইরে কৌতূহল সৃষ্টি করেছে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, মাগুরার দুই আসনেই বিএনপির একাধিক প্রভাবশালী নেতার এমন সক্রিয় অংশগ্রহণ আসন্ন নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতাকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলতে পারে। এখন অপেক্ষা চূড়ান্ত প্রার্থী তালিকা ও নির্বাচনী সমীকরণের দিকে, যা আগামী দিনের রাজনীতির গতিপথ নির্ধারণ করবে।