


ভারতে বিশ্বকাপ খেলতে রাজি নয় আয়ারল্যান্ডও, শ্রীলঙ্কাতেই গ্রুপ পর্বে থাকার নিশ্চয়তা
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে ভেন্যু নিয়ে নতুন করে জটিলতা তৈরি হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ভারতের বদলে শ্রীলঙ্কায় গ্রুপ পর্বের ম্যাচ আয়োজনের দাবি জানিয়ে আসলেও, সম্ভাব্য সমাধান হিসেবে প্রস্তাবিত গ্রুপ অদলবদলও কার্যত অনিশ্চিত হয়ে পড়েছে। কারণ, আয়ারল্যান্ড স্পষ্ট জানিয়ে দিয়েছে—তারা ভারতে গিয়ে খেলতে চায় না এবং শ্রীলঙ্কায় নির্ধারিত সূচিই বহাল থাকছে।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ-কে ক্রিকেট আয়ারল্যান্ডের এক কর্মকর্তা বলেন,
আমরা নিশ্চিত আশ্বাস পেয়েছি যে মূল সূচি থেকে আমাদের ম্যাচগুলো সরানো হবে না। গ্রুপ পর্ব আমরা শ্রীলঙ্কাতেই খেলব।
আয়ারল্যান্ড রয়েছে গ্রুপ ‘বি’-তে, যেখানে তাদের প্রতিপক্ষ সহ-আয়োজক শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে ও ওমান। এই গ্রুপের সব ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ক্যান্ডি ও কলম্বোতে।
অন্যদিকে বাংলাদেশ পড়েছে গ্রুপ ‘সি’-তে—ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল ও ইতালির সঙ্গে। এই গ্রুপের ম্যাচগুলো আয়োজনের দায়িত্ব ভারতের—কলকাতা ও মুম্বাইয়ে নির্ধারিত রয়েছে ভেন্যু। তবে সাম্প্রতিক রাজনৈতিক ও নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে বিসিবি ভারত সফরে যেতে অনিচ্ছা প্রকাশ করেছে।
এ অবস্থায় গত শনিবার ঢাকায় আইসিসির সঙ্গে এক বৈঠকে বিসিবি সম্ভাব্য সমাধান হিসেবে আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ অদলবদলের প্রস্তাব তোলে, যাতে তুলনামূলকভাবে কম লজিস্টিক পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশকে শ্রীলঙ্কায় স্থানান্তর করা যায়।
বিসিবির এক বিবৃতিতে বলা হয়,
‘ন্যূনতম লজিস্টিক সমন্বয়ের মাধ্যমে বিষয়টি সমাধানের লক্ষ্যে বাংলাদেশকে অন্য একটি গ্রুপে স্থানান্তরের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।
একইসঙ্গে খেলোয়াড়, সমর্থক, গণমাধ্যমকর্মী ও কর্মকর্তাদের নিরাপত্তার বিষয়টি উল্লেখ করে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার জন্য আনুষ্ঠানিক অনুরোধ পুনর্ব্যক্ত করে বোর্ড। এ নিয়ে বিসিবি ও আইসিসি উভয় পক্ষই আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছে।
চলতি মাসের শুরুতে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স থেকে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার পর নিরাপত্তা ইস্যু নতুন করে আলোচনায় আসে। এরই ধারাবাহিকতায় ৪ জানুয়ারি বিসিবি আনুষ্ঠানিকভাবে ভারতের ভেন্যু পরিবর্তনের আবেদন করে।
ঢাকার বৈঠকে আইসিসির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টেগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেভ। ইভেন্টস ও কর্পোরেট কমিউনিকেশনের জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনা ভিসা জটিলতার কারণে ভার্চুয়ালি অংশ নেন।
বিসিবির পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সহ-সভাপতি শাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম, নিরাপত্তা প্রধান (অব.) ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।
আয়ারল্যান্ডের অবস্থান স্পষ্ট হওয়ায় বিসিবির প্রস্তাবিত গ্রুপ অদলবদল এখন কার্যত ঝুলে গেছে। ফলে বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় সরানো নিয়ে আইসিসির চূড়ান্ত সিদ্ধান্তই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।