Date: May 16, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / আইন আদালত / বিসিবির অ্যাডহক কমিটি নিয়ে আইনি জটিলতা, বাতিল চেয়ে হাইকোর্টে রিট! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বিসিবির অ্যাডহক কমিটি নিয়ে আইনি জটিলতা, বাতিল চেয়ে হাইকোর্টে রিট!

May 16, 2026 02:19:23 PM   অনলাইন ডেস্ক
বিসিবির অ্যাডহক কমিটি নিয়ে আইনি জটিলতা, বাতিল চেয়ে হাইকোর্টে রিট!

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সদ্য গঠিত ১১ সদস্যের অ্যাডহক কমিটি নিয়ে শুরু হয়েছে নতুন আইনি বিতর্ক। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) গঠিত এই কমিটি বাতিলের দাবিতে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে, যা দেশের ক্রিকেট প্রশাসনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

গত ৭ এপ্রিল আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে এনএসসি। পরে সাবেক ক্রিকেটার তামিম ইকবাল–এর নেতৃত্বে গঠিত এই কমিটির বৈধতা নিয়েই প্রশ্ন ওঠে এবং বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।

শনিবার (১৬ মে) সাবেক ক্রিকেটার ও বিসিবির সঙ্গে যুক্ত থাকা ১২ জন ব্যক্তি যৌথভাবে এই অ্যাডহক কমিটি বাতিলের দাবিতে হাইকোর্টে রিট আবেদন করেন। আবেদনকারীদের মধ্যে দেশের ক্রিকেট অঙ্গনের পরিচিত কয়েকজন সাবেক ক্রিকেটারও রয়েছেন।

তাদের মধ্যে উল্লেখযোগ্য হিসেবে রয়েছেন সাবেক ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল, ফারুক আহমেদ এবং আসিফ ইকবালসহ আরও কয়েকজন ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তি।

এর আগে বিসিবির নির্বাচিত পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে করা আরেকটি রিট হাইকোর্ট খারিজ করে দেন বলে জানা গেছে।

বর্তমানে বিসিবির ১১ সদস্যের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তামিম ইকবাল। কমিটির অন্য সদস্যরা হলেন রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন, আতহার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম এবং ফাহিম সিনহা।

দেশের ক্রিকেট প্রশাসন ঘিরে এই নতুন আইনি লড়াই এখন ক্রীড়া মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।