


নিজস্ব প্রতিবেদক, বরিশাল:
ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে বালুর বস্তার ওপর দাঁড়িয়ে থাকা ঝুঁকিপূর্ণ বামরাইল সেতু দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। সোমবার (৩ নভেশ্বর) বেলা ১১টায় বাসদ উজিরপুর উপজেলা শাখার উদ্যোগে সেতুর পাদদেশে এই কর্মসূচি পালিত হয়।
বাসদ উজিরপুর উপজেলা শাখার আহ্বায়ক আবুল কালাম মাস্টারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সদস্য সচিব মঞ্জুর মোর্শেদ, বাসদ বরিশাল জেলা শাখার বর্ধিত ফোরামের সদস্য সাগর দাস আকাশ, শ্রমিক নেতা সেলিম সর্দার, নারী নেত্রী লাকি বেগমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “ঢাকা-বরিশাল মহাসড়কের মতো একটি গুরুত্বপূর্ণ সড়কের সেতু বালুর বস্তার ওপর দাঁড়িয়ে থাকা হাজারো মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলার সামিল। অবিলম্বে সেতুটি সংস্কার করতে হবে এবং তার আগে বিকল্প যাতায়াতের জন্য একটি ডাইভারশন সড়ক নির্মাণ করে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”
কর্মসূচি শেষে বাসদের একটি প্রতিনিধি দল উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি প্রদান করে।