Date: May 11, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / বরগুনায় প্রাণ বাঁচাতে লোকালয়ে সুন্দরবনের হরিণ! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বরগুনায় প্রাণ বাঁচাতে লোকালয়ে সুন্দরবনের হরিণ!

May 11, 2026 06:20:06 PM   অনলাইন ডেস্ক
বরগুনায় প্রাণ বাঁচাতে লোকালয়ে সুন্দরবনের হরিণ!

বরগুনার পাথরঘাটায় কুকুরের ধাওয়া খেয়ে প্রাণ বাঁচাতে লোকালয়ে ঢুকে একটি বাড়িতে আশ্রয় নেয় একটি মায়াবী হরিণ। পরে খবর পেয়ে বন বিভাগের উদ্ধারকারী দল গিয়ে প্রাণীটিকে উদ্ধার করে নিয়ে যায়। সোমবার (১১ মে) সকালে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের গাব্বারিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে গ্রামের বাসিন্দারা প্রথম হরিণটিকে দেখতে পান। ধারণা করা হচ্ছে, সুন্দরবনসংলগ্ন এলাকা থেকে পথ হারিয়ে প্রাণীটি লোকালয়ে চলে আসে। তবে কোনো চোরাকারবারির হাত থেকে ছুটে এসেও এটি এলাকায় ঢুকে থাকতে পারে বলে স্থানীয়দের মধ্যে আলোচনা রয়েছে।

স্থানীয় যুবক আসাদুল ইসলাম জানান, তিনি সকালে মাঠে কাজ করার সময় কয়েকটি কুকুরকে হরিণটির পিছু ধাওয়া করতে দেখেন। প্রাণভয়ে দৌড়াতে গিয়ে একপর্যায়ে হরিণটি একটি জালে আটকে পড়ে। পরে স্থানীয়রা দ্রুত জাল কেটে সেটিকে মুক্ত করেন।

এরপর আতঙ্কিত হরিণটি দৌড়ে গিয়ে গাব্বারিয়া গ্রামের বাসিন্দা মোস্তফা ফরাজির বাড়ির পুকুরপাড়ে আশ্রয় নেয়।

বাড়ির মালিক মোস্তফা ফরাজি বলেন, “হরিণটি খুব ভয় পেয়েছিল। কুকুরের তাড়া খেয়ে বাড়ির পাশে এসে পড়ে। পরে আমরা বন বিভাগকে খবর দিই।”

খবর পেয়ে জ্ঞানপাড়া বিট কর্মকর্তার নেতৃত্বে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে হরিণটিকে উদ্ধার করে।

বন বিভাগের বিশেষ সহকারী সুরজিৎ চৌধুরী জানান, উদ্ধার হওয়া হরিণটি কিছুটা অসুস্থ রয়েছে। বর্তমানে সেটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা শেষে আবার বনে অবমুক্ত করা হবে।

তিনি আরও বলেন, হরিণটি কোনো চোরাকারবারির মাধ্যমে এলাকায় আনা হয়েছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে এবং কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।