


দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় সুপারস্টার থালাপতি বিজয়কে ঘিরে ভক্তদের উন্মাদনা নতুন কিছু নয়। তবে সেই উন্মাদনা এবার চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে রূপ নেয় অস্বস্তিকর ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে। ভক্তদের অতিরিক্ত ভিড় ও হুড়োহুড়িতে কার্যত নাজেহাল হতে হয় এই জনপ্রিয় অভিনেতাকে।
ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে, রোববার (২৮ ডিসেম্বর) রাতে মালয়েশিয়া থেকে চেন্নাইয়ে ফেরেন বিজয়। সেখানে তিনি তার আসন্ন ছবি ‘জননায়কন’–এর অডিও লঞ্চ অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। প্রিয় তারকাকে একঝলক দেখার আশায় অনেক আগেই বিমানবন্দরের বাইরে জড়ো হন হাজারো ভক্ত।
টার্মিনাল থেকে বের হয়ে গাড়ির দিকে এগোতেই পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ভিড়ের চাপে বিজয়ের স্বাভাবিকভাবে হাঁটাচলাও কঠিন হয়ে পড়ে। উন্মত্ত কিছু ভক্ত তার জামাকাপড় ধরে টানাটানি শুরু করলে একপর্যায়ে ভারসাম্য হারিয়ে পড়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। এমনকি তার পরনের পোশাক ছিঁড়ে যাওয়ার আশঙ্কাও দেখা দেয়।
এ সময় দেহরক্ষীরা দ্রুত হস্তক্ষেপ করে মানববলয় তৈরি করলে শেষ পর্যন্ত নিরাপদে গাড়িতে উঠতে সক্ষম হন থালাপতি বিজয়। তবে পুরো ঘটনাটি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।
বিশ্লেষকদের মতে, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সম্প্রতি নিধি আগারওয়াল, হর্ষবর্ধন রানে ও সামান্থা রুথ প্রভুর মতো তারকারাও ভক্তদের অতিরিক্ত উন্মাদনার শিকার হয়েছেন। কখনো হাত ধরে টানাটানি, কখনো পোশাক ছিঁড়ে যাওয়ার মতো ঘটনাও ঘটেছে। ফলে ভক্তদের উগ্র আচরণ তারকাদের ব্যক্তিগত নিরাপত্তা ও সম্মান নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে চলচ্চিত্র