


বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ঘিরে নতুন করে আলোচনায় এসেছে আর্থিক অনিয়ম ও ব্যবস্থাপনার দুর্বলতা। সবশেষ আসরে প্রায় ১৪ থেকে ১৬ কোটি টাকা লোকসান হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। একই সঙ্গে সাবেক বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছে এ বিষয়ে জবাবদিহিও চেয়েছেন তিনি। তামিমের বক্তব্যে স্পষ্ট হয়েছে, বিপিএল পরিচালনায় ভবিষ্যতে আরও কঠোর ও স্বচ্ছ অবস্থানে যেতে চায় বর্তমান বিসিবি প্রশাসন।
বৃহস্পতিবার (৭ মে) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে বিপিএলের আর্থিক পরিস্থিতি ও ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থাপনা নিয়ে কথা বলেন বিসিবি সভাপতি।
তামিম ইকবাল বলেন, সর্বশেষ বিপিএলে এমন কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা বোর্ডকে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে ফেলেছে। তার অভিযোগ, দুটি ফ্র্যাঞ্চাইজি পুরো মৌসুম খেললেও তাদের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তিই সম্পন্ন হয়নি। বিষয়টিকে তিনি শুধুমাত্র “ভুল” হিসেবে দেখতে নারাজ।
তিনি বলেন, “দুইটা ফ্র্যাঞ্চাইজি একটা মৌসুম খেলে ফেলেছে অথচ চুক্তিই হয়নি। এটাকে শুধু ভুল বললে হবে না, অবশ্যই জবাবদিহিতা থাকতে হবে।”
তামিম আরও প্রশ্ন তোলেন, কেন ১০ কোটি টাকার পরিবর্তে মাত্র ৩ কোটি টাকায় ফ্র্যাঞ্চাইজি অনুমোদন দেওয়া হয়েছে এবং যেসব দলকে ফ্র্যাঞ্চাইজি না দেওয়ার কথা ছিল, তাদের কেন শেষ পর্যন্ত সুযোগ দেওয়া হলো। এসব সিদ্ধান্তের ব্যাখ্যা সংশ্লিষ্টদের দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
তবে তিনি ব্যক্তিগত আক্রমণের পথে হাঁটতে চান না বলেও স্পষ্ট করেন। তার ভাষায়, “আমি কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতে চাই না। আমরা ফ্যাক্ট নিয়ে কথা বলছি। কেউ ভুল করলে তাকে জবাবদিহি করতে হবে—সে যেই হোক। আমি যদি ভুল করি, আমাকেও জবাবদিহি করতে হবে।”
সংবাদ সম্মেলনে বিপিএলের আর্থিক ক্ষতির বিষয়েও কথা বলেন সাবেক এই জাতীয় দলের অধিনায়ক। তিনি জানান, সুনির্দিষ্ট অডিট রিপোর্ট এখনও হাতে না এলেও প্রাথমিক হিসেবে গত বিপিএলে প্রায় ১৪ থেকে ১৬ কোটি টাকা লোকসান হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
একই সঙ্গে দেশের ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থাপনার দুর্বলতার দিকেও ইঙ্গিত দেন তামিম। তিনি বলেন, “দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে আপনি কাল সকালে ঘুম থেকে উঠেও ফ্র্যাঞ্চাইজির মালিক হতে পারবেন।” তার এই মন্তব্যে বিপিএলে দল মালিকানা ও যাচাই-বাছাই প্রক্রিয়ার দুর্বলতা স্পষ্ট হয়ে উঠেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ক্রিকেট বিশ্লেষকদের মতে, নতুন সভাপতি হিসেবে তামিম ইকবালের এই অবস্থান বিপিএলের ভবিষ্যৎ কাঠামোতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে ফ্র্যাঞ্চাইজি নির্বাচন, আর্থিক স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত করতে বিসিবি আরও কঠোর হতে পারে বলেই ধারণা করা হচ্ছে।