Date: May 11, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / বেতন গ্রেড ও পদমর্যাদা বৃদ্ধির দাবিতে ঈশ্বরগঞ্জে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যে...

বেতন গ্রেড ও পদমর্যাদা বৃদ্ধির দাবিতে ঈশ্বরগঞ্জে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

June 24, 2025 07:15:48 PM   অনলাইন ডেস্ক
বেতন গ্রেড ও পদমর্যাদা বৃদ্ধির দাবিতে ঈশ্বরগঞ্জে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

বেতন গ্রেড, পদমর্যাদা বৃদ্ধিসহ ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২৪ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ কর্মসূচি পালিত হয়।

সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত চলা এই কর্মসূচিতে উপজেলার ৬৫ জন স্বাস্থ্য সহকারী অংশ নেন। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি নুরুল হক হলুদ এবং সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির আল-মাসুম নিরব।

বক্তারা বলেন, মাঠপর্যায়ের স্বাস্থ্য সহকারীরা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিলেও দীর্ঘদিন ধরে তারা ন্যায্য মর্যাদা ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত।

কর্মসূচি থেকে সরকারের কাছে ছয় দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো: ১. শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণ করে নিয়োগবিধি সংশোধন এবং বেতন ১৪তম গ্রেডে উন্নীত করা। ২. ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদাসহ ১১তম গ্রেডে বেতন স্কেল প্রদান। ৩. ধারাবাহিক পদোন্নতির ব্যবস্থা নিশ্চিত করা। ৪. অভিজ্ঞতার ভিত্তিতে কর্মরতদের স্নাতক পাসের স্কেলে অন্তর্ভুক্ত করা। ৫. টাইম স্কেল বা উচ্চতর গ্রেড নতুন বেতন স্কেলের সঙ্গে সমন্বয় করা। ৬. সব পর্যায়ে ন্যায্য পদোন্নতি ও স্বীকৃতি নিশ্চিত করা।

নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।