


“নতুন ধানে ভাত রেঁধেছি” স্লোগানে বগুড়ায় আনন্দঘন পরিবেশে নবান্ন উৎসব অনুষ্ঠিত হয়েছে। গত পহেলা অগ্রহায়ণ, ১৪৩১ (শনিবার) বিকেলে শহরের পুরাতন শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘আমরা ক’জন শিল্পীগোষ্ঠী’ ও ‘ঋদ্ধ সৃজন’ যৌথভাবে এই উৎসবের আয়োজন করে।
সংগঠনের সভাপতি লায়ন আব্দুল মোবিন জিন্নাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘আমরা ক’জন শিল্পীগোষ্ঠী’র প্রধান উপদেষ্টা ও দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু। তিনি শিশুদের মুখে নতুন ধানের খাবার তুলে দিয়ে উৎসবের শুভ সূচনা করেন।
উদ্বোধনী বক্তব্যে মোজাম্মেল হক লালু বলেন, "নবান্ন উৎসবের সঙ্গে বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতি মিশে আছে। নতুন ধান কাটা এবং সেই ধানের প্রথম অন্ন খাওয়াকে কেন্দ্র করেই এই উৎসব পালিত হয়।"
অনুষ্ঠানে ‘নবান্ন কথন’ পর্বে আরও বক্তব্য রাখেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার কৃষ্ণা তরফদার, জাতীয় সঞ্চয় অধিদপ্তরের সহকারী পরিচালক কৃষ্ণ কুমার শীল, ডা. নাজনীন সুমাইয়া এবং মোহাম্মদ খালেকুজ্জামান।
উৎসব উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক পর্বে মাহাবুব হাসান সোহাগের নৃত্য পরিচালনায় ‘আমরা ক’জন শিল্পীগোষ্ঠী’ ও ‘ঋদ্ধ সৃজন’-এর শিল্পীরা বাংলার লোকজ গানের সঙ্গে দলীয় নৃত্য পরিবেশন করেন। এ সময় চিড়া, মুড়ি, মুড়কি, মোয়া, খৈ ও শীতের পিঠার মতো ঐতিহ্যবাহী খাবার দিয়ে অতিথি এবং দর্শকদের আপ্যায়ন করা হয়।
সমগ্র অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন তাসনিম ত্রয়ী ও মাহাবুব হাসান সোহাগ।