Date: May 11, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / বেগম জিয়ার সুস্থতা দেশের জন্য অত্যন্ত প্রয়োজনীয় : হাজী ইয়াছিন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বেগম জিয়ার সুস্থতা দেশের জন্য অত্যন্ত প্রয়োজনীয় : হাজী ইয়াছিন

November 27, 2025 09:49:58 PM   জেলা প্রতিনিধি
বেগম জিয়ার সুস্থতা দেশের জন্য অত্যন্ত প্রয়োজনীয় : হাজী ইয়াছিন

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, “বহু বছরের জুলুম-নির্যাতনের পরও দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনো অন্যায়ের কাছে নতি স্বীকার করেননি। তিনি বাংলাদেশের গণতন্ত্রের জীবন্ত প্রতীক। দেশনেত্রী বেগম জিয়ার সুস্থতা দেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।”

বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দিনব্যাপী কোরআন খতম ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কান্নাজড়িত কণ্ঠে হাজী ইয়াছিন বলেন, “২০০৮ সালে এই মাঠেই ম্যাডাম আমার হাতে ধানের শীষ তুলে দিয়ে বলেছিলেন, ‘ইয়াছিন আমার সন্তান সমতুল্য।’ আজ আমার একমাত্র চাওয়া—আল্লাহ যেন তাঁকে সুস্থ করে দেন, যাতে ২০২৫ সালেও আবার এই মঞ্চে এসে তিনি আমার হাতে ধানের শীষ তুলে দিতে পারেন।”

তিনি আরও বলেন, “আমার আর কোনো ব্যক্তিগত আকাঙ্ক্ষা নেই। শুধু চাই—আমার মা সুস্থ হয়ে ফিরে আসুন। তিনি ফিরলে দেশে আবার গণতন্ত্রের জোয়ার ফিরে আসবে।”

দোয়া মাহফিলে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে। মহানগর-জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ সব অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে হাজী ইয়াছিন বলেন, “ইনশাআল্লাহ আল্লাহতায়ালা আমাদের নেত্রীকে সুস্থ করে তুলবেন এবং তিনি আবার দেশের গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দেবেন।”

দোয়া মাহফিলে পুরো মাঠজুড়ে ছিল প্রার্থনামুখর পরিবেশ। কোরআন তেলাওয়াত, দরুদ শরীফ পাঠ ও বিশেষ মুনাজাতে অংশ নেন হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ। নগরীর বিভিন্ন ওয়ার্ড, উপজেলা, মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষক, বিভিন্ন পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, আদর্শ সদর উপজেলা সাবেক সভাপতি এড. আলী আক্কাস, সদর দক্ষিণ সাবেক সভাপতি এস এ বারী সেলিম, মাহবুবুর রহমান, শহীদুল্লাহ রতন, মাহাবুবর রহমান দুলাল, আতাউর রহমান ছুটি, মুজিবুর রহমান কামাল, সদর উপজেলা সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হানসহ মহানগর ও জেলা পর্যায়ের বিপুলসংখ্যক নেতৃবৃন্দ।

যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ছিল লক্ষণীয়।