


ফেনী: আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান ও ফেনী-২ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ‘বিএনপি গণভোটের বিপক্ষে নয়; তারাও জুলাই সনদে স্বাক্ষর করেছে। সংস্কার বিষয়ে বর্তমানে যে বিষয়গুলো আলোচিত হচ্ছে, সেগুলোর অধিকাংশই বিএনপির ঘোষিত ৩১ দফার মধ্যেই রয়েছে। সুতরাং বিএনপি গণভোটের বিরোধিতা করছে -এমন কথা বলা সঠিক নয়।’
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ফেনী সদর উপজেলার ধলিয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেনী জেলা শাখার সেক্রেটারি মাওলানা একরামুল হক ভূঁইয়ার পিতার কবর জিয়ারত শেষে এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘ঐক্যমত্য কমিশনের সংলাপে সংস্কার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে মৌলিকভাবে ঐকমত্য থাকলেও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে কিছু ভিন্নমত দেখা দেয়। পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতি নিয়ে মতানৈক্য থাকলেও অন্যান্য বিষয়ে আট দলের মধ্যে বিস্তৃত মিল ছিল। পরবর্তীতে দুর্নীতি দমন, জুলাই সনদ ও হাদি ইস্যুতে ১১ দল প্রাথমিকভাবে একমত হয়েছে। আগামী দুই-এক দিনের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।’ তিনি আরও স্পষ্ট করেন যে, এটি কোনো জোট নয়, বরং নির্বাচনী সমঝোতা। কারণ জোট গঠন সহজ বিষয় নয় এবং নির্বাচনের পরবর্তী নানা বাস্তবতা এতে জড়িত থাকে।
এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সেক্রেটারি মাওলানা একরামুল হক ভূঁইয়া বলেন, ‘আসন সমঝোতা বা নির্বাচনী ঐক্যের বিষয়টি খুব শিগগিরই স্পষ্ট হবে। কেন্দ্র থেকে যাকে সমর্থন দেওয়া হবে, তার পক্ষেই ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা মাঠে কাজ করবেন। যদি মঞ্জু ভাইকে সমর্থন দেওয়া হয়, তবে তার জন্য সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করবে।’
উঠান বৈঠক শেষে মজিবুর রহমান মঞ্জু সদর উপজেলার লেমুয়া বাজারে গণভোটের পক্ষে প্রচারণা চালান। এ সময় তিনি সাধারণ মানুষের কাছে গণভোটে ‘হ্যাঁ’ ভোট প্রদানের আহ্বান জানান। স্থানীয়দের প্রশ্নের জবাবে তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে রাষ্ট্রকাঠামোতে আমূল পরিবর্তন আসবে।
বিকালে তিনি শহরের প্রেসক্লাবে ‘বাংলাদেশের খবর’-এর আয়োজনে খ্রিস্টীয় নববর্ষ উপলক্ষে আনন্দ র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সেখানে তিনি তরুণ প্রজন্মকে রাজনীতি নিয়ে সচেতন হওয়ার আহ্বান জানান।
দিনব্যাপী এসব কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদল, জেলা আহ্বায়ক মাস্টার আহসান উল্লাহ, যুগ্ম আহ্বায়ক মোতাহের হোসেন বাহান, প্রচার ও মিডিয়া সম্পাদক হাবীব মিয়াজী, সদস্য কাজী শরীফুল ইসলাম দীপ্ত, রোটারিয়ান নজরুল ইসলাম সবুজ এবং পৌর আহ্বায়ক আবুল কালাম আজাদ সেলিমসহ দলীয় নেতৃবৃন্দ।