


বাগেরহাটের ফকিরহাটে হ্যামকো গ্রুপের একটি কারখানায় নিরাপত্তাকর্মী ও শ্রমিকদের বেঁধে রেখে প্রায় আট ঘণ্টা ধরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা দুটি ট্রাকে করে কোটি টাকার বেশি মূল্যের কাঁচামাল লুট করে নিয়ে গেছে। শুক্রবার (৪ জুলাই) রাতে উপজেলার কাটাখালি এলাকায় অবস্থিত ‘এনজিন মেটাল ইন্ডাস্ট্রিজ’ নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে।
কারখানার শ্রমিকরা জানান, শুক্রবার রাত আনুমানিক ৮টার দিকে মুখে মাস্ক পরা ১৫ থেকে ২০ জনের একটি সশস্ত্র দল নিরাপত্তাকর্মীকে অস্ত্রের ভয় দেখিয়ে কারখানায় প্রবেশ করে। এরপর তারা সাতজন নিরাপত্তাকর্মী ও চারজন শ্রমিককে বেঁধে ফেলে। পরে তারা গুদামে ঢুকে সেখান থেকে কাঁচামাল দুটি ট্রাকে বোঝাই করে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ডাকাতরা গুদামে সংরক্ষিত ১৫ টন অ্যালুমিনিয়াম বার, ১ টন তামার তার এবং আড়াই টন বৈদ্যুতিক তার লুট করে নিয়ে যায়। এতে প্রতিষ্ঠানের প্রায় এক কোটি দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
‘এনজিন মেটাল ইন্ডাস্ট্রিজ’-এর জেনারেল ম্যানেজার (অপারেশন) মো. সিদ্দিকুর রহমান বলেন, "ডাকাতদল রাত ৮টার দিকে কারখানায় ঢুকে প্রায় আট ঘণ্টা অবস্থান করে। ভোর ৪টার দিকে তারা মালামাল ভর্তি ট্রাক নিয়ে চলে যায়।" তিনি এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
খবর পেয়ে ফকিরহাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রবিউল ইসলাম শামীম ও ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীরের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
ওসি আবদুর রাজ্জাক মীর বলেন, “ডাকাতরা অস্ত্রের ভয় দেখিয়ে নিরাপত্তাকর্মী ও শ্রমিকদের জিম্মি করে মালামাল লুট করেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। এ ঘটনায় কর্তৃপক্ষ মামলা দায়ের করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”