Date: April 27, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / খেলাধুলা / প্রথম টি-টোয়েন্টিতে ১৮২ রানের লক্ষ্য দিল নিউজিল্যান্ড, বাংলাদেশকে কঠিন চ্যালেঞ্জ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্...

প্রথম টি-টোয়েন্টিতে ১৮২ রানের লক্ষ্য দিল নিউজিল্যান্ড, বাংলাদেশকে কঠিন চ্যালেঞ্জ

April 27, 2026 04:40:59 PM   ক্রীড়া ডেস্ক
প্রথম টি-টোয়েন্টিতে ১৮২ রানের লক্ষ্য দিল নিউজিল্যান্ড, বাংলাদেশকে কঠিন চ্যালেঞ্জ

চট্টগ্রামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ১৮২ রানের লক্ষ্য দিয়েছে নিউজিল্যান্ড। শুরুতে ধীর গতি থাকলেও মাঝের ও শেষের ওভারে দ্রুত রান তুলে বড় পুঁজি গড়ে সফরকারীরা।

সোমবার (২৭ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। শুরুটা ভালো হয়নি তাদের। ওপেনিং জুটি থেকে আসে মাত্র ১১ রান, আর রানআউট হয়ে শূন্য রানে ফিরে যান টিম রবিনসন।

এরপর ইনিংস গুছিয়ে নেন কাটেন ক্লার্ক ও ড্যান ক্লিভার। দুজন মিলে পাওয়ারপ্লেতে ৬১ রান তোলেন এবং ইনিংসকে স্থিতিশীল করেন। তবে বড় জুটি গড়ার আগেই তারা ফিরে যান—ক্লিভার ২৮ বলে ৫১ এবং ক্লার্ক ৩৭ বলে ৫১ রান করে আউট হন। দুজনকেই ফিরিয়েছেন রিশাদ হোসেন।

মাঝের ওভারে দ্রুত উইকেট হারায় কিউইরা। বেভন জ্যাকবসকে ২ রানে ফেরান তানজিম হাসান সাকিব, আর ডিন ফক্সক্রফটকে ৩ রানে আউট করেন শেখ মেহেদী হাসান।

তবে ইনিংসের গতি ধরে রাখেন নিক কেলি। ভারপ্রাপ্ত অধিনায়ক ২৭ বলে ৩৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন। এরপর শেষ দিকে জশ ক্লার্কসন আক্রমণাত্মক ব্যাটিং করেন, তবে বাংলাদেশের বোলাররা রানের গতি নিয়ন্ত্রণে রাখেন।

শেষ ওভারে মাত্র ৬ রান দেন রিপন মণ্ডল। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮২ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড।

বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন রিশাদ হোসেন, যিনি ২টি উইকেট নেন। এছাড়া ১টি করে উইকেট শিকার করেন শেখ মেহেদী হাসান, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।

এখন জয়ের জন্য বাংলাদেশকে করতে হবে ১৮৩ রান, যা সিরিজের প্রথম ম্যাচে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে টাইগারদের সামনে।