


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় প্রধান ও এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে প্রকাশ্যে গুলি করার ঘটনা ঘটেছে। মাথায় গুলিবিদ্ধ হয়ে তিনি গুরুতর আহত হয়েছেন। তাকে তাৎক্ষণিকভাবে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, এনসিপির খুলনা বিভাগীয় প্রধান এবং শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে কিছুক্ষণ আগে গুলি করা হয়েছে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত খুলনা মেডিকেলে নেওয়া হয়েছে।
ঘটনার পর দলীয় নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। তবে হামলার স্থান, সময় এবং হামলাকারীদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা দ্রুত হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।