Date: May 10, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / নিজ বাসা থেকে স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নিজ বাসা থেকে স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার!

May 10, 2026 07:25:01 PM   অনলাইন ডেস্ক
নিজ বাসা থেকে স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার!

চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন দেওয়ানজী পুকুরপাড় এলাকায় নিজ বাসা থেকে পলি চৌধুরী (৪৬) নামে এক স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১০ মে) দুপুর ৩টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত পলি চৌধুরী পটিয়ার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তিনি নগরীর ওই বাসায় একাই বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার থেকে স্বজনরা তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও কোনো সাড়া পাননি। এতে উদ্বিগ্ন হয়ে রোববার দুপুরে তারা বাসায় গিয়ে দেখেন দরজা ভেতর থেকে বন্ধ। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হয়।

খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন। এ সময় ঘরের মেঝেতে পলি চৌধুরীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। উদ্ধারকালে তার হাতে টেলিভিশনের রিমোট ছিল।

কোতোয়ালি থানার উপ-পরিদর্শক রাশেদ জানান, মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে শরীরে পচন ধরায় ধারণা করা হচ্ছে, অন্তত দুই থেকে তিন দিন আগে তার মৃত্যু হয়েছে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহতের বড় বোন মিষ্টু চৌধুরী জানান, শনিবার থেকে পলির ফোন বন্ধ থাকায় তারা দুশ্চিন্তায় ছিলেন। পরে বাসায় এসে দরজা বন্ধ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

প্রতিবেশীরা জানান, পলি চৌধুরী অবিবাহিত ছিলেন। তার মা ও এক বোন বিদেশে থাকায় তিনি দীর্ঘদিন ধরে একাই বাস করছিলেন।

নিহতের সহপাঠী ও প্রতিবেশী চিকিৎসক যীশুময় দেব জানান, গত ৬ মে পলির সঙ্গে তার শেষ দেখা হয়েছিল। সে সময় তাকে কিছুটা বিমর্ষ মনে হয়েছিল। তিনি দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকের কারণেই তার মৃত্যু হয়ে থাকতে পারে।

পলি চৌধুরীর আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।