


দিনাজপুরে টানা বৃষ্টিতে জনজীবনে স্বস্তি ফিরেছে। গতকাল শনিবার রাত থেকে আজ রবিবার (২৬ এপ্রিল) দুপুর ৩টা পর্যন্ত জেলায় ৫২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই বৃষ্টির ফলে তাপমাত্রা অনেকটা কমে আবহাওয়া আরামদায়ক হয়ে উঠেছে।
জেলা আবহাওয়া অফিস জানিয়েছে, দিনাজপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৯.৯ ডিগ্রি সেলসিয়াস, যা গতকালের তুলনায় ৩.৪ ডিগ্রি কম। গতকাল জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৩ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.০ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিসের কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দিনাজপুরে এই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। আগামী এক থেকে দুই দিন বৃষ্টির এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। সেই সাথে কোথাও কোথাও বজ্রসহ দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলেও তিনি জানান।
তীব্র গরমের পর হঠাৎ এই বৃষ্টিতে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। বৃষ্টির কারণে রাস্তায় চলাচলকারিদের কিছুটা বেগ পেতে হলেও গরম থেকে মুক্তি পাওয়ায় তারা খুশি। অন্যদিকে স্থানীয় কৃষকরা জানিয়েছেন, এই বৃষ্টি তাদের আবাদি ফসল ও মাঠের জন্য বেশ উপকারী হবে। তারা আশা করছেন এর ফলে ফলন ভালো হবে।