


দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বাবা ও ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে দুই ছেলের বিরুদ্ধে। মঙ্গলবার (১২ মে) সকালে উপজেলার ফতেজংপুর ইউনিয়নের মণ্ডলপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন মণ্ডলপাড়া গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে শহিদুল ইসলাম দুলু (৭০) এবং তার ছেলে কাবিল (৩২)।
ঘটনার পর থেকে অভিযুক্ত সাকিব (১৮) ও সাদিকুল (৩০) পলাতক রয়েছে। তারা শহিদুল ইসলামের ছোট স্ত্রীর সন্তান। নিহত কাবিল বড় স্ত্রীর ছেলে বলে জানা গেছে।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শহিদুল ইসলামের দুই স্ত্রী থাকায় দীর্ঘদিন ধরে দুই পরিবারের সদস্যদের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি ধান কাটার পর তিনি জমি দুই পরিবারে সমানভাবে বণ্টন করে দেন। তবে ভুট্টা ক্ষেতের ফসল নিয়েও ছোট স্ত্রীর ছেলে সাকিব ও সাদিকুল সমান ভাগ দাবি করে আসছিলেন।
মঙ্গলবার ভোরে ভুট্টা ক্ষেতে এ নিয়ে বাবা শহিদুল ইসলাম ও ভাই কাবিলের সঙ্গে সাকিব ও সাদিকুলের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তারা লোহার রড দিয়ে দুজনকে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শহিদুল ইসলামের মৃত্যু হয়।
স্থানীয়রা গুরুতর আহত কাবিলকে উদ্ধার করে সৈয়দপুরের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি মাহমুদুন নবী জানান, হত্যাকাণ্ডে ব্যবহৃত লোহার রড উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত দুই ভাইকে গ্রেফতারে অভিযান চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।