


ভারতের পশ্চিমবঙ্গের সংগীতাঙ্গনের পরিচিত মুখ ইমন চক্রবর্তী এবার নতুন রাজনৈতিক আলোচনার কেন্দ্রে। একসময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বেনার্জীকে উদ্দেশ করে “দিদি যেখানে আমি সেখানে” মন্তব্য করা এই শিল্পীকে এবার ভিন্ন রাজনৈতিক অনুষ্ঠানে দেখা যেতে পারে বলে জোর গুঞ্জন উঠেছে।
শনিবার (৯ মে) কলকাতায় সম্ভাব্য এক রাজনৈতিক আয়োজনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী–এর উপস্থিতিতে শপথ গ্রহণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত পরিবেশনের জন্য ইমন চক্রবর্তীকে আমন্ত্রণ জানানো হয়েছে।
তবে বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
দীর্ঘদিন ধরে ইমন চক্রবর্তী পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। বিভিন্ন সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মসূচিতে তাকে সক্রিয়ভাবে অংশ নিতে দেখা গেছে।
তিনি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ২০২২ সালে ‘বঙ্গভূষণ’ এবং ২০২৪ সালে ‘বঙ্গবিভূষণ’ সম্মাননায় ভূষিত হন। এছাড়া বিভিন্ন জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সমর্থন জানিয়ে বক্তব্যও দিয়েছেন তিনি। তার “দিদি যেখানে আমি সেখানে” মন্তব্যটি সে সময় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।
বর্তমানে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের প্রেক্ষাপটে ইমন চক্রবর্তীর সম্ভাব্য এই উপস্থিতিকে ঘিরে পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানাননি এই শিল্পী।