Date: April 30, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / বিনোদন / দুই বছর পর মুক্তির পথে বুবলীর কলকাতার সিনেমা ফ্ল্যাশব্যাক - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

দুই বছর পর মুক্তির পথে বুবলীর কলকাতার সিনেমা ফ্ল্যাশব্যাক

April 30, 2026 12:26:26 PM   বিনোদন ডেস্ক
দুই বছর পর মুক্তির পথে বুবলীর কলকাতার সিনেমা ফ্ল্যাশব্যাক

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মুক্তির পথে যাচ্ছে ঢালিউড অভিনেত্রী শবনম বুবলী অভিনীত টালিউড সিনেমা ‘ফ্ল্যাশব্যাক’। প্রায় দুই বছর আগে শুটিং শেষ হলেও নানা জটিলতার কারণে সিনেমাটি এতদিন আটকে ছিল। এখন জানা গেছে, আগামী মে মাসে পশ্চিমবঙ্গে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। একই সঙ্গে বাংলাদেশেও মুক্তির পরিকল্পনা চলছে।

সিনেমাটি দিয়ে টালিউডে অভিষেক ঘটে ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী-এর। প্রায় ২০২৪ সালে শুটিং শেষ হওয়ার পর থেকেই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়-কবে বড়পর্দায় আসবে ‘ফ্ল্যাশব্যাক’। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে।

সিনেমাটি পরিচালনা করেছেন বাংলাদেশের নির্মাতা রাশেদ রাহা। তিনি জানিয়েছেন, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর সিনেমাটির মুক্তির পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনার পর শিগগিরই আনুষ্ঠানিক মুক্তির তারিখ ঘোষণা করা হবে। এরপর বাংলাদেশেও সিনেমাটি মুক্তি দেওয়ার প্রক্রিয়া শুরু হবে।

থ্রিলারধর্মী এই ছবিতে বুবলীর সঙ্গে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নির্মাতা-অভিনেতা কৌশিক গাঙ্গুলি এবং অভিনেতা সৌরভ দাস। গল্পের কেন্দ্রীয় চরিত্র শ্বেতা, যিনি একজন চলচ্চিত্র নির্মাতা। কৌশিক গাঙ্গুলি অভিনয় করেছেন অঞ্জন চরিত্রে এবং সৌরভ দাসকে দেখা যাবে ডিকে চরিত্রে।

চিত্রনাট্য লিখেছেন খায়রুল বাসার নির্ঝর। গল্পে তিনটি ভিন্ন জীবনের মানুষ এক পর্যায়ে পাহাড়ি এক জনপদে এসে একে অপরের সঙ্গে জড়িয়ে পড়ে, যা ধীরে ধীরে গল্পে নতুন মোড় তৈরি করে।

এদিকে বুবলী অভিনীত আরেকটি সিনেমা ‘সর্দারবাড়ির খেলা’ আগামী ৮ মে দেশে মুক্তি পাচ্ছে। লোকজ ঐতিহ্য লাঠিখেলাকে কেন্দ্র করে নির্মিত এই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন জিয়াউল রোশান। সিনেমাটিতে আরও রয়েছেন শহীদুজ্জামান সেলিম ও আজাদ আবুল কালাম।

তবে এই সিনেমার প্রচারণায় বুবলীর অনুপস্থিতি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। চলতি বছরের শুরু থেকেই তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জন চলছে—দ্বিতীয়বারের মতো মা হতে পারেন তিনি। যদিও এ বিষয়ে এখনো অভিনেত্রীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।