


সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুরে মাদক উদ্ধারে অভিযান চালাতে গিয়ে পুলিশের একটি টহল দল হামলার শিকার হয়েছে। এই ঘটনায় পুলিশের এক সদস্য আহত হয়েছেন। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে ৭ জনকে আটক করে।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে তাহিরপুর সদর ইউনিয়নের উজান তাহিরপুর গ্রামের একটি দোকানে এই ঘটনাটি ঘটে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর থানার এসআই মোহাম্মদ আলীর নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়েছিল। সেই সময় ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হলে তাকে ছাড়িয়ে নিতে সেখানে থাকা কয়েকজন যুবক উত্তেজিত হয়ে পুলিশের ওপর হামলা চালায়। এই হামলার ধরণ ছিল বেশ আকস্মিক। হামলায় পুলিশ সদস্য মিটু মিয়া আহত হন।
খবর পেয়ে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তারা আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। একই সঙ্গে হামলার ঘটনায় জড়িত সন্দেহে ৭ যুবককে আটক করা হয়।
তাহিরপুর থানার ওসি আমিনুল ইসলাম জানান, মাদক উদ্ধার অভিযানে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে একজন পুলিশ সদস্য আহত হয়েছেন এবং ঘটনাস্থল থেকে ৭ জনকে আটক করা হয়েছে। মাদক উদ্ধার হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, অভিযানে কোনো মাদক পাওয়া যায়নি, তবে জুয়া খেলার কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।