


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা এবং কুমিল্লাকে এগিয়ে নেওয়ার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নগরীতে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে কুমিল্লা-০৬ আসনের সাবেক এমপি ও বিএনপি নেতা হাজী আমিন উর রশিদ ইয়াছিনের স্বপ্ন ও প্রত্যাশা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।
বুধবার (২৬ নভেম্বর) বিকেলে নগরীর কান্দিরপাড়স্থ বিএনপি দলীয় কার্যালয় থেকে একটি বিশাল মিছিল বের হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। কর্মসূচিতে কুমিল্লা মহানগর, সদর দক্ষিণ ও আদর্শ সদর উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
মিছিল শুরুর আগে নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে রাষ্ট্র মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়। লিফলেটে বিএনপি ঘোষিত রাষ্ট্র পরিচালনার নতুন নীতিমালা, প্রশাসনিক সংস্কার, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণ, সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত প্রশাসনিক কাঠামো গড়ে তোলার অঙ্গীকার তুলে ধরা হয়। পাশাপাশি কুমিল্লাকে একটি সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও বিনিয়োগবান্ধব নগরীতে রূপান্তরিত করার লক্ষ্যে হাজী ইয়াছিনের ভবিষ্যৎ পরিকল্পনার দিকগুলোও প্রচার করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, গত ১৭ বছরে কুমিল্লা-০৬ আসনের বিএনপি নেতাকর্মীরা অবর্ণনীয় নির্যাতন ও কঠিন সময়ের মধ্য দিয়ে গেছেন। দীর্ঘ এই সময়ে রাজনৈতিক দমন-পীড়ন, মামলা, হামলা ও গ্রেফতারের মুখে হাজী ইয়াছিন ছায়ার মতো নেতাকর্মীদের পাশে ছিলেন। কর্মীরা যখন কারাগারে ছিলেন, তখন তাদের আইনি সহায়তা, জামিন প্রক্রিয়া, চিকিৎসা এবং পরিবারের ভরণপোষণ সবকিছুই তিনি নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। তার এই মানবিক ও দায়িত্বশীল ভূমিকা নেতাকর্মীদের মাঝে তাকে আস্থার প্রতীকে পরিণত করেছে।
বক্তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, দীর্ঘ স্বৈরাচারী শাসন শেষেও কুমিল্লা-০৬ আসনের বিএনপি কর্মীদের মনে পূর্ণ স্বস্তি নেই। তারা বিশ্বাস করেন, এই জনপদে বিএনপির সাংগঠনিক শক্তি পুনর্গঠন ও ঐক্যের জন্য হাজী ইয়াছিনই সবচেয়ে যোগ্য নেতৃত্ব। তাই হাজী ইয়াছিনকে চূড়ান্ত মনোনয়ন না দেওয়া পর্যন্ত নেতাকর্মীদের মনে প্রকৃত আনন্দ ফিরবে না।