


রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে চলমান মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহের মধ্যে স্বস্তির খবর মিলেছে। আবহাওয়া বিশেষজ্ঞদের পূর্বাভাস অনুযায়ী, ঢাকায় বিকেল থেকে সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও তীব্র বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলেও বৃষ্টিপাত হতে পারে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে ঢাকা শহর এবং এর উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলোতে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানান এবং তীব্র বজ্রপাতের বিষয়ে সতর্ক করেন।
একই দিনে আবহাওয়া অধিদপ্তর এক পূর্বাভাসে জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন এলাকায় ঝোড়ো বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও বিক্ষিপ্ত শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করায় বৃষ্টিপাতের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাজধানীসহ ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং দেশের অন্যান্য অঞ্চলের কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়াসহ বিভিন্ন এলাকায় চলমান তাপপ্রবাহ কিছুটা কমে আসবে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, বৃষ্টির প্রভাবে সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে এবং রাতের তাপমাত্রাও কিছুটা নিম্নমুখী থাকবে। ফলে গরমে অতিষ্ঠ জনজীবনে কিছুটা স্বস্তি ফিরতে পারে বলে ধারণা করা হচ্ছে।